ঠিকাদারের অভিজ্ঞতার শর্ত শিথিল করে বিল পাস
ঠিকাদারের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন ছাড়াই সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কেনাকাটার সুযোগ রেখে আজ সোমবার সংসদে গণখাতে ক্রয় (সংশোধন) বিল-২০১০ পাস হয়েছে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বিলটি উত্থাপন করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলের আপত্তি উত্থাপন করে বলেন, অভিজ্ঞতার দরকার আছে। পরে আপত্তি নাকচ করে বিলটি কণ্ঠভোটে পাস করা হয়।এ ছাড়া আজ জাতীয় সংসদে বাংলাদেশ পর্যটন বোর্ড বিল-২০১০ পাস হয়েছে। বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বিলটি সংসদে উপস্থাপন করলে এ বিলটিও কণ্ঠভোটে পাস হয়।গণখাতে ক্রয় (সংশোধন) বিলে প্রাক্কলিত দরের চেয়ে সর্বোচ্চ পাঁচ শতাংশের কম অথবা বেশি প্রস্তাব করা হলে তা সরাসরি বাতিলের বিধান রাখা হয়েছে। একাধিক দরপত্রে একই দরপ্রস্তাব করা হলে তা লটারির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া দরপত্র জমা দেওয়ার স্থান হিসেবে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশন, ডেপুটি কমিশনার ও জেলা জজের কার্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।আইনে বলা হয়েছে, সংশোধিত আইনের বাস্তব প্রয়োগ আরও সহজ করার জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ কার্যক্রমের মূল্যসীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে দুই কোটি টাকা করা হয়েছে। এ ধরনের কাজ করতে অতীতের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।বাংলাদেশ পর্যটন বোর্ড বিলে বলা হয়েছে, পর্যটন শিল্প ও সেবার সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে একটি জাতীয় পর্যটন বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এ বোর্ড পর্যটনশিল্পের উন্নয়ন সাধনে কাজ করবে।জাতীয় সংগীত, পতাকা অবমাননার শাস্তি: জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং প্রতীকের যথাযথ ব্যবহার ও মর্যাদা রক্ষার্থে সংসদে বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম (সংশোধন) বিল-২০১০ উত্থাপিত হয়েছে। সংসদ কাজে ভারপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উপস্থাপন করেন। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিতে পাঠানো হয়।বিলে জাতীয় সংগীত, পতাকা বা প্রতীকের অবমাননার জন্য দুই বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।এ ছাড়া সংসদে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বিলটি সংসদে উপস্থাপন করেন।