ঠিকানা অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠ, সাভার। গত ২৪ এপ্রিল সকালে আকস্মিকভাবে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে পড়লে প্রাণহীন দেহগুলো আনা হয় এই স্কুলের মাঠে। এর পর থেকে লাশের মিছিল। স্বজনহারা মানুষ প্রিয়জনের লাশের খোঁজে এসেছেন এখানেই। কেউ কেউ দিনের পর দিন অপেক্ষা করেছেন মাঠে। রাতের পর রাত কাটিয়েছেন বিদ্যালয়ের বারান্দায়।ভবনধসের পর থেকে চার-পাঁচ দিন নিখোঁজ স্বজনের সন্ধানে একবার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, একবার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে ছুটেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত নরনারী। এরপর জীবিত পাওয়ার আশা ছেড়ে তাঁরা লাশের জন্য অপেক্ষা করেছেন বিদ্যালয়ের মাঠে। বিশাল মাঠটির পরিবেশ সৃষ্টি হয়েছিল শরণার্থীশিবিরের মতো। পশ্চিম পাশের আমতলায় নিখোঁজ ব্যক্তিদের নাম-ঠিকানার তালিকা করা হচ্ছিল। সামনেই ত্রিপল টাঙিয়ে সেখানে রাখা হয়েছিল পানির বোতল, শুকনা খাবার এবং বিভিন্ন সংস্থা ও সহূদয় ব্যক্তিদের দিয়ে যাওয়া ত্রাণসামগ্রী। এসব বিলি করা হয়েছে শোকাহত লোকদের মধ্যে। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের দক্ষিণ দিকের দেয়াল ও প্রধান ফটকটি হয়ে ওঠে যেন ‘হারানো বিজ্ঞপ্তির বোর্ড’। নিখোঁজ স্বজনের ছবি, ঠিকানা ও মুঠোফোনের নম্বর-সংবলিত ‘সন্ধান চাই’ শিরোনামের ফটোকপিতে ভর্তি। বিদ্যালয়ের দক্ষিণমুখী দ্বিতল ভবনের নিচতলা, রায় ননীবালা ষোড়শী মোহন পাঠাগার ভবনের নিচতলা ও পশ্চিমমুখী প্রিয়বালা ভবনের নিচের তলার বারান্দায় সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে ভরা সারি সারি লাশ। এক যাচ্ছে, এক আসছে। লাশবাহী গাড়িগুলো এসে পৌঁছালেই মাঠে অপেক্ষমাণ স্বজনহারা লোকেরা ছুটে আসেন গাড়ির দিকে। বারান্দায় লাশ নামানোর পর তাঁরা ব্যাগের মুখ খুলে দেখেন, তাঁদের নিখোঁজ স্বজন এল কি না। চিনতে পারলে ওঠে কান্নার রোল। উপযুক্ত প্রমাণসহ শনাক্ত করার পর লাশ কফিনে ভরে রওনা দেন বাড়ির পথে। অশনাক্ত দেহগুলো চলে যায় ঢাকা মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতালের মর্গে। এভাবেই কেটেছে দিনগুলো।ভবনধসের দীর্ঘ ২০ দিন পর গতকাল সোমবার বন্ধ হলো লাশ আসা। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে সাইরেন বাজিয়ে কোনো লাশবাহী গাড়ি আর প্রবেশ করেনি গতকাল। উদ্ধারকারীরা আশা করছেন মৃতদেহ উদ্ধার শেষ। স্কুলের মাঠ ছাড়তে শুরু করেছেন প্রতীক্ষায় থাকা লোকেরা। পাবনার আতাইকুলার জয়নাল আবেদিন ১৮ দিন এই বিদ্যালয়ের মাঠে অপেক্ষায় থেকে গত শনিবার বিকেলে খুঁজে পান ভাই মো. রিপনের মরদেহ। জয়নাল আবেদিন তাঁর দুই ফুফা ও এক চাচাকে নিয়ে ২৪ এপ্রিল হরতালের দিন সন্ধ্যায় অনেক কষ্ট করে সাভারে এসেছিলেন ভাইয়ের খোঁজে। জীবিত পাননি। এখানেই ছিলেন এত দিন। অবশেষে এই অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠেই পেলেন ভাইয়ের লাশ। আবার অনেকে চিনতে পারলেও উপযুক্ত প্রমাণের জন্য লাশ বাড়িতে নিতে পারেননি। যেমন ধামরাইয়ের কাইজারগন্ডের সুরমান আলীর লাশ চিনেছিলেন তাঁর বাবা শুকুর আলী। কিন্তু দুই সপ্তাহ বিদ্যালয়ের মাঠে অবস্থান করেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় ছেলের লাশ বাড়ি নিয়ে যেতে পারেননি। এমন বেদনা ওবিষাদের সাক্ষী হয়ে রইল অধরচন্দ্র উচ্চবিদ্যালয়।এই বিদ্যালয়টির বয়স ১০০ বছর পূর্ণ হয়েছে। ১৯১৩ সালের ১০ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়েছিল সাত একর জায়গার ওপর। সাভারের জমিদার রাখাল চন্দ্র সাহা তাঁর বাবা অধরচন্দ্র সাহার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। রাখাল চন্দ্র সাহা ছিলেন নিঃসন্তান। বিদ্যালয়ের একটি ভবন তাঁর স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে ‘প্রিয়বালা ভবন’। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ জানালেন, ১৯৬৩ সালে বিদ্যালয়ের জায়গা থেকে আড়াই একর জায়গা দান করা হয় সাভার ডিগ্রি কলেজকে। এখন সেটি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ। রাখাল চন্দ্র সাহা তাঁর নামে ‘রাখাল চন্দ্র স্মৃতি পাঠাগার’ করেছিলেন। এই পাঠাগারের জন্য ১৪ বিঘা জমি দিয়েছিলেন। এই ১৪ বিঘা জমিও পরে কলেজকে দেওয়া হয়। এ ছাড়া যেটি এখন সরকারি হাসপাতাল সেটিও রাখাল চন্দ্র সাহার দেওয়া জমি। এখানে তিনি একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছিলেন।অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে এখন প্রভাতি ও দিবা শাখায় ছাত্রছাত্রী এক হাজার ২০০। দুর্ঘটনার দিন থেকেই বিদ্যালয় বন্ধ। প্রধান শিক্ষক জানালেন, জেলা প্রশাসনের নির্দেশে এখানে মৃতদেহ রাখা হয় এবং নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। ফলে পাঠদান বন্ধ রাখতে হয়েছে। প্রথমে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর আরও এক সপ্তাহের ছুটির নোটিশ দেওয়া হয়। তৃতীয় দফায় নোটিশ দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। তবে গতকাল তিনি জানান, আর কোনো লাশ না আসায় এবার স্কুলের ধোয়ামোছার কাজ শুরু হবে। পুরো মাঠ ও প্রতিটি ভবন ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানো হবে। চেষ্টা করা হবে ভবনে চুনকাম করার। বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে ২০ মে থেকে।অনেক বিষাদময় ঘটনার ছাপ থেকে গেল বিদ্যালয়টির শতবর্ষ পূরণের বছরটিতে। কিন্তু বেদনাই সব নয়, মৃত্যুকে অতিক্রম করেই এগিয়ে যায় জীবনের গতিধারা। তাই মৃত্যুর বেদনাকে কাটিয়ে শতবর্ষ পূর্তির আয়োজনেরও পরিকল্পনা চলছে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে।