ঠুনকো অজুহাতে সংসদ বর্জন করবেন না: নাসিম
কোনো ঠুনকো অজুহাতে সংসদ বর্জন না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কাল যদি আপনারা সংসদে না যান, তাহলে প্রমাণিত হবে আপনারা সদস্যপদ রক্ষা ও বেতন-ভাতার কারণেই সংসদে গিয়েছিলেন।’নাসিম আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, নারীনেত্রী দিলারা ইয়াসমিন, অভিনেতা ড্যানি সিডাক প্রমুখ বক্তব্য দেন।বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আগামী নির্বাচন হবে। এ বিষয়ে যদি আপনাদের কাছে কোনো প্রস্তাব থাকে, তাহলে সংসদে তুলে ধরুন। তারপর দুই দল আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে আগামী নির্বাচন কীভাবে হবে।’সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে—এমন আশা করে নাসিম বলন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। সে কারণেই আমরা কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সব দল এ নির্বাচনে অংশ গ্রহণ করবে।’ বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভোটারবিহীন নির্বাচন করেনি বলেও দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।হরতাল প্রত্যাহার করায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, ‘মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আপনি যদি যুদ্ধাপরাধীদের পাশ থেকে সরে আসেন, তাহলে আবারও ধন্যবাদ জানানো হবে।’ বাসস।