ঠেকাতে হবে আর্সেনিক-বিষক্রিয়া
অঞ্চলভিত্তিক আর্সেনিকজনিত বিষক্রিয়া এমন এক বিপর্যয় হিসেবে আবির্ভূত হয়েছে, যে কারণে বাংলাদেশ, ভারত, মেক্সিকো, তাইওয়ান ও দক্ষিণ আমেরিকার কোটি কোটি মানুষ আজ আক্রান্ত। আর্সেনিক একটি স্ফটিক আকারের ধাতব মৌল, যা ভূপৃষ্ঠের উপরিভাগে বহুবিস্তৃত। এটি নানাবিধ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্যান্য মৌলের সঙ্গে যৌগ উৎপন্ন করতে সক্ষম। সে কারণে আর্সেনিক ২০০টির অধিক খনিজ পদার্থের মধ্যে বিদ্যমান, যার মধ্যে আর্সেনোপাইরাইট অন্যতম। অতি উচ্চমাত্রায় আর্সেনিক রয়েছে এমন ভূগর্ভ স্তরের কূপ খননের মাধ্যমে অভ্যন্তরীণ আর্সেনিক-যৌগ ভূপৃষ্ঠে উত্তোলন করা হচ্ছে; এবং মূলত এটি পানিতে মিশে প্রকৃতিতে পরিবাহিত হচ্ছে। এ ছাড়া ধাতব আকরিক গলানো অথবা কয়লা দহনের মাধ্যমে আর্সেনিক বাতাসে মিশে যাচ্ছে। প্রধানত খাবার পানির মাধ্যমে সাধারণ মানুষ আর্সেনিকের সংস্পর্শে আসছে। ভূগর্ভস্থ পানিতে অজৈব আর্সেনিক সচরাচর আর্সেনেট (যোজনী-৫) ও আর্সেনাইট (যোজনী-৩) হিসেবে বিদ্যমান থাকে। এদের মধ্যে শেষোক্তটি অধিক পরিবাহী এবং জীবদেহের জন্য প্রায় ৪০ থেকে ৬০ গুণ অধিক বিষাক্ত। ভূগর্ভের উপরিভাগে প্রায় ৪০ থেকে ১৫০ ফুট গভীরতায় অধিক মাত্রায় আর্সেনিক বিরাজমান, যা থেকে ধারণা করা হয়, বাংলাদেশে আর্সেনিকদূষণের উৎপত্তিস্থল ভূগর্ভস্থ আর্সেনিক।বাংলাদেশে আর্সেনিক-আক্রান্ত মানুষের খাবার পানিতে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে গড়ে প্রায় ২০ গুণ অধিক মাত্রায় আর্সেনিক বিদ্যমান। অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কম বৃষ্টিপাতের ফলে পানির স্তর ওঠানামা করা এবং নলকূপ বসানোর জন্য শত-সহস্রবার ভূপৃষ্ঠে গর্ত করায় ভূ-অভ্যন্তরে বায়ু প্রবেশ করে। এর ফলে অভ্যন্তরীণ বায়ুবিহীন পরিবেশ বায়ুবাহিত অক্সিজেনের সংস্পর্শে এসে আর্সেনোপাইরাইটকে জারিত করে এবং পানির স্তরে আর্সেনিক বিমুক্ত করে। এই আর্সেনিকযুক্ত পানির স্তর অপর পানির স্তরের সঙ্গে মিশে সেটিও দূষিত করে। পুকুর বা জলাশয়ের বদ্ধ পানি পান করার ফলে সৃষ্ট কলেরা, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে গত ৪০ বছরে বাংলাদেশে লাখ লাখ নলকূপ খনন করা হয়েছে, যার মাধ্যমে অগোচরে ভূগর্ভস্থ আর্সেনিক প্রকৃতিতে উত্তোলন করা হয়েছে। এর ফলে বাংলাদেশে বর্তমানে প্রায় সাত কোটি ৭০ লাখ মানুষ অধিক মাত্রায় আর্সেনিকযুক্ত পানি পান করছে।মানবদেহে আর্সেনিকের বিষক্রিয়ার দৃশ্যমান লক্ষণ হচ্ছে, ত্বকে কালচে বাদামি রং এবং গুটি দেখা দেওয়া। স্বল্পমেয়াদের সুপ্তাবস্থা থেকে শুরু করে মাত্র কয়েক বছর আর্সেনিকদূষিত পানি পান করলে শরীরে এ ধরনের ক্ষত সৃষ্টি হতে পারে। ত্বকের বর্ণ পরিবর্তন বলতে কালচে রং বা পীত রং ধারণ করা বোঝায়। আক্রান্ত ব্যক্তির হাত ও পায়ের তালু অতিশয় শক্ত হয়ে যায়, যা কেরাটোসিস নামে পরিচিত। ক্রমান্বয়ে হাত ও পায়ের শক্ত তালুতে আঁচিলের মতো গুটি দেখা দেয়। বিষক্রিয়া ছাড়াও ভূগর্ভস্থ আর্সেনিকে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারে সামাজিক সমস্যা সৃষ্টি করছে। আক্রান্ত ব্যক্তি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গেলে প্রত্যাখ্যানের শিকার হচ্ছে, এমনকি নিজ পরিবারের মধ্যেও। শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়া তরুণীর বিয়ে হচ্ছে না, এমনকি গৃহবধূরা স্বামী পরিত্যক্ত বা বিবাহবিচ্ছেদের শিকার হচ্ছেন। আর্সেনিক-আক্রান্ত ছোট ছেলেমেয়েদের শরীরের লক্ষণ গোপন রাখার উদ্দেশ্যে স্কুলে পাঠানো হয় না।সব ধরনের আর্সেনিক মানবদেহের জন্য বিষাক্ত নয়। সামুদ্রিক মাছে বিদ্যমান আর্সেনিকের জৈব যৌগ, যেমন—ট্রাইমিথাইল আর্সেনিক, আর্সেনোকোলিন ও আর্সেনোবিটেইন জীবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক নয়। বিভিন্ন প্রাণীদেহে আর্সেনিকের বিপাক মূলত দুটি বিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে—১. পঞ্চযোজী থেকে ত্রিযোজী আর্সেনিকে বিজারণ এবং ২. জারণ ও মিথাইলেশন-প্রক্রিয়ার মাধ্যমে এস-এডিনোসাইল মিথাওনিন ব্যবহার করে গ্লুটাথায়োন সহযোগে ত্রিযোজী আর্সেনিক থেকে পর্যায়ক্রমে এক, দুই এবং তিন মিথাইল গ্রুপযুক্ত যৌগ উৎপন্ন করা। মূলত জীবদেহের যকৃৎ কোষের জলীয় অংশে আর্সেনিক মিথাইলেশন ক্রিয়া অনুষ্ঠিত হয়। কিন্তু ক্রমাগত এ প্রক্রিয়া চলতে থাকলে অতি সহজেই উল্লিখিত জৈব মিথাইলেশন সম্পৃক্ত হয়ে পড়ে, যে কারণে অধিক মাত্রায় অজৈব আর্সেনিক শরীরের ত্বক, চুল, নখ প্রভৃতি স্থানে কেরাটিন নামের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হতে থাকে।পঞ্চযোজী আর্সেনেট সক্রিয় পরিবহন-প্রক্রিয়ায় ফসফেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। হাড়ের হাইড্রোক্সি অ্যাপাটাইট অংশে আর্সেনেট সরাসরি ফসফেট সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আর্সেনিক-বিষক্রিয়া ফসফেট ব্যবহারে বাধা সৃষ্টি করার কারণে আক্রান্ত ব্যক্তির রক্তে ফসফেটের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। প্রাণরাসায়নিক বিবেচনায়, মাইটোকন্ড্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার সময় অজৈব ফসফেটকে প্রতিস্থাপনের মাধ্যমে আর্সেনেট অক্সিডেটিভ ফসফোরিলেশন-প্রক্রিয়াকে বিযুক্ত করে দেয়। কারণ, ফসফেটের সঙ্গে আর্সেনেটের গাঠনিক মিল রয়েছে। ত্রিযোজী অজৈব আর্সেনিক (আর্সেনাইট) গ্লুটাথায়োন ও সিস্টাইন অথবা লাইপোয়িক এসিডের মতো এনজাইম-সহযোগী, যাদের মধ্যে একটি SH গ্রুপ বিদ্যমান, সেগুলোর সঙ্গে সহজেই বিক্রিয়া করতে পারে। সে কারণে যেসব এনজাইমের কার্যসাধনের জন্য SH (থায়োল) অথবা দ্বি-থায়োল গ্রুপ গুরুত্বপূর্ণ, সেগুলোর সঙ্গে আর্সেনাইট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এনজাইমের কাজ বাধাপ্রাপ্ত হয়। এভাবে আর্সেনাইট লাইপোয়িক এসিডনির্ভর, গ্লুকোনিয়োজিনেসিস প্রক্রিয়ায় অতি গুরুত্বপূর্ণ এনজাইম, পাইরুভেট ডিহাইড্রোজিনেসকে বাধাগ্রস্ত করে। একইভাবে আর্সেনিক-বিষক্রিয়ায় প্রায় ২০০টি এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর মধ্যে জীবকোষে শক্তি উৎপাদনকারী, ডিএনএ তৈরি ও মেরামত করার এনজাইমগুলো অন্যতম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে পরিচালিত আমাদের গবেষণায় দেখা গেছে, আর্সেনিক-বিষক্রিয়ার জটিলতার সঙ্গে আক্রান্ত ব্যক্তির খাদ্যে পুষ্টিমানের একটি সংযোগ রয়েছে। আক্রান্ত ব্যক্তির সার্বিক দুর্বলতা, মারাত্মক আকারের ত্বক জ্বালাপোড়া করা, ক্ষুধামান্দ্য, শরীরের ওজন কমে যাওয়া ছাড়াও আর্সেনিক-বিষক্রিয়া রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমায়, রক্তশূন্যতা, শ্বাস-জটিলতা, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস ঘটায়। আমাদের গবেষণায় দেখা গেছে, আর্সেনিক-বিষক্রিয়ায় ত্বকের ক্ষত ও শ্বাস-জটিলতার সঙ্গে রক্তের ইমিউনোগ্লোবিউলিন IgG এবং IgE-এর পরিমাণ বৃদ্ধি সংযুক্ত; যদিও এই বৃদ্ধি শরীরে কোনো কার্যকর প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। আক্রান্ত ব্যক্তি পাকাশয়-সংক্রান্ত, যকৃৎ, প্লীহা, স্নায়ু, চক্ষু, রক্তকোষ তৈরি, হূৎপিণ্ড-রক্ত সঞ্চালন এবং মূত্রনালি সম্বন্ধীয় জটিলতায় ভোগে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আর্সেনিকযুক্ত পানি জমিতে সেচকাজে ব্যবহার করার ফলে ওই সব জমিতে উৎপাদিত কৃষিজাত পণ্য এবং আর্সেনিকদূষিত মিঠা পানির মাছ খেয়ে মানবদেহে আর্সেনিকজনিত ক্ষতির আশঙ্কা রয়েছে।খাবার পানিতে উচ্চমাত্রায় প্রাকৃতিক আর্সেনিকের কারণে বাংলাদেশ আজ চরম সংকটে নিপতিত, যেখানে কোটি কোটি মানুষ আর্সেনিকদূষিত পানি পান করছে এবং কয়েক লাখ মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের আর্সেনিক-সংকটকে ‘ইতিহাসে সর্ববৃহৎ জনগোষ্ঠীর বিষক্রিয়া’ হিসেবে অভিহিত করেছে। আর্সেনিক-বিষক্রিয়া থেকে পরিত্রাণের জন্য অদ্যাবধি কোনো পরীক্ষিত ও উপকারী চিকিৎসা নেই। তথাপি, খাদ্যে ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ বৃদ্ধি এবং জারণ-প্রক্রিয়াবিরোধী চিকিৎসায় ভালো ফল পাওয়া যেতে পারে। আর্সেনিক-সংকট নিরসনের জন্য সরকার, দাতাগোষ্ঠী ও বেসরকারি সংস্থার জোর তৎপরতা প্রয়োজন। এর মধ্যে নলকূপ খনন নিয়ন্ত্রণ, বৃষ্টির পানির যথাযথ ব্যবহার, খাল-বিল-লেক ও নদীর পানি সংরক্ষণ, স্কুল ও কমিউনিটি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি খাদ্যে প্রয়োজনীয় পুষ্টিমান সম্পর্কে শিক্ষাদান অন্যতম। তবে মৌলিক হস্তক্ষেপ হচ্ছে, আর্সেনিক নির্গমনকারী নলকূপ চিহ্নিত ও সেগুলো বন্ধ করে দেওয়া এবং জনগণকে আর্সেনিক-দূষণমুক্ত খাবার পানি সরবরাহ করা। লেখক অধ্যাপক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর্সেনিক-বিষক্রিয়াসংক্রান্ত গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কারপ্রাপ্ত।