নদীর যেন কোনো অভিভাবক নেই, নদী রক্ষার জন্য নেই দায়িত্বশীল কর্তৃপক্ষ। রাজধানীর পশ্চিম প্রান্তের তুরাগতীরের দখল দেখে মনে হয়, এই নদের কোনো অভিভাবক নেই। গত বছর তুরাগতীরের অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযানের পর নদ রক্ষায় নিয়োজিত জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, দখলমুক্ত জায়গা আবার যাতে দখল না হয়, সে জন্য সার্বক্ষণিক তদারকি থাকবে। কিন্তু সার্বক্ষণিক তদারকি দূরে থাক, অভিযোগ রয়েছে এই দুটি কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত এলাকায়ও যান না। গত বছরের নভেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ঢাকার নদ-নদীগুলো দখলমুক্ত করার নির্দেশ ছিল হাইকোর্টের। পরে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু নতুন করে দখল থেমে নেই। আমিনবাজার সেতুর নিচে তুরাগ নদের পাড়ে আগের তুলনায় প্রায় দ্বিগুণ জায়গা দখল করে বালু রাখা হয়েছে। তৈরি হয়েছে নতুন অবৈধ স্থাপনা ও দোকানঘর। গত বছরের মাঝামাঝি নদ দখল বিষয়ে প্রথম আলোয় ছবিসহ প্রতিবেদন ছাপানোর পর তুরাগ নদের পাড়ের অবৈধ স্থাপনা এবং ভরাট করা জায়গা উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদের পর স্থায়ী সীমানা নির্ধারণ করে উঁচু পাকা ভিটি নির্মাণ করা হয়েছিল। এখন সীমানার ভেতরে-বাইরে বালুর রমরমা ব্যবসা চলছে। বিক্রির জন্য মাঝেমধ্যে ইট ও পাথরও জড়ো করা হয়। ইঞ্জিনচালিত নৌযানে করে তুরাগতীরে বালু আনা হয়। এ ছাড়া পাইপের সাহায্যেও নদীর বালু ওঠানো হয়। সম্প্রতি তুরাগতীরে এ ধরনের অনেক পাইপ দেখা গেছে। এভাবে বালু তোলা অবৈধ হলেও এ কাজে কেউ বাধা দেয় না। বিক্রি করা বালু ট্রাকযোগে চলে যায় ক্রেতার কাছে। তুরাগতীরে নিয়মিত ট্রাক দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। নদের কাছাকাছি এলাকা বড় বাজারের বাসিন্দা আবদুল আলিম বলেন, বিশেষ করে রাতের বেলায় ট্রলার ও নৌকাযোগে মাটি ও বালু এনে নদীর অংশ ভরাট করা হয়েছিল। এ কাজে সরকারি লোকজন বাধা দেননি। ভরাট শেষে এখন শুধু জমি বেচাকেনাই চলে। নদের ভরাট করা জায়গায় কমপক্ষে ২০০ বস্তিঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরে যারা বাস করে, তারা নিয়মিত ভাড়া দিচ্ছে বলে জানা যায়। তবে কাদের কাছে ভাড়া দেন বস্তিবাসীরা, তাদের নাম নিতে ভয় পান। দখল করা জায়গায় তৈরি টংঘরে দোকানও সাজানো হয়েছে। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক ঢাকার নদী ও কয়েকটি খালের সীমানা পুনঃ চিহ্নিতকরণ কাজ চলছে বলে জানান। তিনি বলেন, কাজ শেষ হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।