ড. ইউনুস আমাদের অভ্যন্তরীণ বিষয়
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের চোখরাঙানি সহ্য করা হবে না। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক এবং নোবেল বিজয়ী ড. ইউনূস আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বিদেশিদের চোখরাঙানি কেন সহ্য করব?’আজ রোববার জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। খবর বাসসের।নোবেল বিজয়ীরা কি আইনের ঊর্ধ্বে—প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘আমার জানামতে বিদেশের দুজন নোবেল বিজয়ীর শাস্তি হয়েছিল, জেল হয়েছিল।’মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা আমাদের নোবেল বিজয়ীর বিচার করছি না কিংবা তাঁকে আমরা কাঠগড়ায় দাঁড় করাইনি। গ্রামীণ ব্যাংকে কোনো অনিয়ম হয়েছিলো কি না, শুধু তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিদেশি শক্তি আমাদের চোখরাঙাতে পারে না।’মাহবুব-উল আলম হানিফ বলেন, ক্ষুদ্রঋণের কারণে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশের গ্রামীণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি বলেন, মাত্র তিন কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, যার মধ্যে সরকারের ছিল ১ কোটি ৮০ লাখ টাকা। সেই তিন কোটি টাকায় এখন ২৯ হাজার কোটি টাকার মূলধন হয়েছে উল্লে¬খ করে হানিফ বলেন, এই টাকার মালিক গ্রামীণ ব্যাংকের ৮৬ লাখ গ্রাহক।আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, ‘৮৬ লাখ গ্রাহককে কোনো দিন এজিএমে ডাকা হয়নি। তাঁদের কোনো পদ দেওয়া হয়নি। ড. ইউনূস ছিলেন গ্রামীণ ব্যাংকের বেতনভুক্ত এমডি। ব্যাংকের সম্পদ নিয়ে ভিন্ন ৫৩টি প্রতিষ্ঠান গড়া হয়েছে। ইউনূস সাহেব একাই সব লুট করে নিয়ে গেছেন।’হানিফ বলেন, ‘৮৬ লাখ গ্রাহকের স্বার্থ দেখার অধিকার সরকারের রয়েছে। গ্রামীণ ব্যাংকের অনিয়ম দেখার অধিকার যদি সরকারের না থাকে, তাহলে ডেসনিটি বা অন্য প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজবে কীভাবে?’ড. ইউনূসকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হবে, বিএনপির নেতা মওদুদ আহমদের এ বক্তব্যের জবাবে হানিফ বলেন, পশ্চিমা শক্তি যেভাবে ইউনূসের পক্ষে কথা বলছে, তাতে করে মওদুদ সাহেবদের ধারণা, সরকারের সঙ্গে পশ্চিমা শক্তির সম্পর্ক ভালো না। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইউনূসের পক্ষ নিয়ে সেই শক্তির সহানুভূতি নিতে চায় তারা।ক্ষমতায় বসানোর মালিক জনগণ, এ কথা উল্লে¬খ করে হানিফ বলেন, পশ্চিমাদের সমর্থন ও সাহায্য নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন তাদের কোনো দিন পূরণ হবে না।হানিফ বলেন, ড. ইউনূস যখন নোবেল পুরস্কার পান, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দেশের রাজনীতি ছিল ঘোলাটে। ওয়ান ইলেভেনের পর যখন ইউনূস রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন, তখনই সন্দেহ হয়েছিল, সামাজিক অবস্থান তৈরি করার জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ভবিষ্যতে সেভাবে নির্বাচন হবে বলেও জানান হানিফ।রাজধানীর মতিঝিল ওয়াপদা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, শ্রমিকনেতা এম কাইয়ুম, বি এম জাফর ও কে আজাদ খসরু প্রমুখ।