ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি নোবেল কমিটির সমর্থন
নরওয়ের নোবেল কমিটি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি তাদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে নরওয়ের একটি টেলিভিশনে প্রচারিত প্রামাণ্যচিত্র ‘ক্ষুদ্র ঋণের জালে’ এবং বাংলাদেশে প্রকাশিত নানা সংবাদে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নোবেল কমিটি তাদের এই অবস্থান জানায়।গতকাল মঙ্গলবার মুহাম্মদ ইউনূস সেন্টার নোবেল কমিটির বিবৃতির কপিসহ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোবেল কমিটির এই সমর্থনকে আমরা সাদরে স্বাগত জানাই। আমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নোবেল কমিটির এই ঘোষণা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের মর্যাদা নিশ্চিত করার ব্যাপারে সহায়ক হবে।’নোবেল কমিটির সচিব গেইর লুন্ডেস্টাড গত ২৭ জানুয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ২০০৬ সালে প্রফেসর ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নোবেল পুরস্কারের জন্য নির্বাচন করার আগে কয়েক বছর ধরে তাঁদের যোগ্যতার বিষয়টি দেখা হচ্ছিল। নোবেল পুরস্কারের বেলায় অন্যদের ব্যাপারে যেভাবে যাচাই-বাছাই করা হয়, একই প্রক্রিয়া তাঁদের ব্যাপারেও অনুসরণ করা হয়। তিনি বলেন, ‘নোবেলের গোপনীয়তার ৫০ বছরের রীতি মেনে বিস্তারিত বর্ণনায় না গিয়ে আমি হলফ করে বলতে পারি, সাধারণত যেভাবে যাচাই করা হয়, এদের ব্যাপারে তার চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কমিটি বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও নরওয়েজিয়ান বিশেষজ্ঞের সঙ্গে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ব্যাপারে পরামর্শ করেছে বলেও জানান সচিব।নোবেল কমিটির চিঠিতে বলা হয়, যখন একটি ব্যাংকের ৭০ থেকে ৮০ লাখ ঋণগ্রহীতা থাকে, তখন তার মধ্যে কিছু বিচ্ছিন্ন নেতিবাচক উদাহরণ পাওয়া যেতে পারে। মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিষয়ে বিস্তারিত এবং খুবই ইতিবাচক চিত্র প্রতিষ্ঠিত হওয়ার পর নোবেল কমিটি পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছিল।