ড. ইউনূস মিথ্যাচার করছেন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নিয়ে ড. মুহাম্মদ ইউনূস মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গ্রামীণ ব্যাংক নিয়ে তিনি দেশের জন্য ‘ক্ষতিকর প্রচারণা’ চালাচ্ছেন বলেও অভিযোগ অর্থমন্ত্রীর।গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অর্থমন্ত্রী এই অভিযোগ তোলেন।উত্তেজিত স্বরে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ১০০ বার বলেছি, ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক নিয়ে সঠিক কথা বলছেন না। উনি মিথ্যাচার করছেন, প্রপাগান্ডা (প্রচারণা) চালাচ্ছেন। প্রথম দিন থেকেই উনি বলছেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায়। প্রথম দিন থেকেই এটা মিথ্যে। সরকার এখন পর্যন্ত এটা দখল করে নাই, দখল করতেও চায় না।’টিআইবি আয়োজিত ‘হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সুশাসনের চ্যালেঞ্জ: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে অর্থমন্ত্রী পদ্মা সেতু ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে কথা বলেন। এ সময় অর্থমন্ত্রীর এক পাশে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও অন্য পাশে আরেক সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন দুটি সমস্যা নিয়ে ভয়ংকরভাবে আক্রান্ত। একটি পদ্মা সেতু, অন্যটি গ্রামীণ ব্যাংক।’ তিনি বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে যেটা হচ্ছে সেটা ‘আননেসেসারি ক্যাম্পেইন (অযথা প্রচারণা)। ইটস হার্মফুল ফর কান্ট্রি (এটা দেশের জন্য ক্ষতিকর)।’ক্ষুদ্রঋণের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এ দেশে ক্ষুদ্রঋণের প্রসার ও প্রবক্তা যদি কেউ থাকে তার জন্য অবশ্যই ইউনূস সাহেব নমস্য। ক্ষুদ্রঋণের প্রসারে আরেকজন লোক আছে, যে লোক এখানে বসে আছেন।’ এ সময় মন্ত্রী নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে উপস্থিত সবাইকে বুঝিয়ে দেন সেই ব্যক্তি তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেব ক্ষুদ্রঋণের প্রসারকে ৪, ১০ বা ১২ শতাংশ পর্যন্ত নিয়ে গেছেন। আমি সেটাকে ৩০ শতাংশ পর্যন্ত নিয়ে গেছি।’ তিনি বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করছি না। মানুষের জন্য কাজ করছি।’ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, এই যে আইন সংশোধন, দেড় বছর ধরে কোনো সিলেকশন কমিটি করা যায়নি এবং একমাত্র গ্রামীণ ব্যাংকের সিলেকশন কমিটির জন্য আইন আছে। ইউনূস সাহেবই সেই আইনটি করেছেন। তার পরও সিলেকশন কমিটি করা যায় নাই। কারণ, ইউনূস সাহেব ছাড়া আর কেউ চেয়ারম্যান হতে পারবেন না। তাই আইনটি সংশোধন করতে হয়েছে।’