বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারের উচ্চপদে অধিষ্ঠিত কিছু ব্যক্তির ঈর্ষাপরায়ণতা ও প্রতিহিংসার শিকার। মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের এমন অসৌজন্যমূলক আচরণের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।গতকাল রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সরকারের এই ঘৃণ্য প্রয়াস ও প্রতিহিংসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে সরকার যে ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। সুপরিকল্পিতভাবে তাঁর মতো একজন নন্দিত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত কীর্তিমান ব্যক্তির চরিত্রহনন ও ইমেজ বিনষ্টের প্রচেষ্টা বর্তমান সরকার অনেক দিন ধরেই করে আসছে। সম্প্রতি তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ সেই ষড়যন্ত্রের যবনিকা টানার চেষ্টা বলে সবার কাছে পরিষ্কার হয়েছে।’বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের অনুরূপ ক্ষুদ্রঋণ প্রকল্প দেশে-বিদেশে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে প্রবর্তিত হয়েছে। অথচ প্রধানমন্ত্রী সুযোগ পেলেই গ্রামীণ ব্যাংকের অবদান ও ক্ষুদ্রঋণ প্রদানকারী সব প্রতিষ্ঠানকে ঢালাওভাবে অসৌজন্যমূলক এবং পদমর্যাদার সঙ্গে অসংগতিপূর্ণ ভাষায় অবমূল্যায়ন করে যাচ্ছেন। তিনি বলেন, এই সরকার দেশের মানুষের মতামতকে তোয়াক্কা করে না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন-শরিকদের অনুভূতিকেও তারা আহত করছে। সরকারের হাতে কোনো সম্মানিত নাগরিকের মর্যাদা ও সুনাম নিরাপদ থাকছে না। খালেদা জিয়া বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিষয়টি সামগ্রিকভাবে দলীয় রাজনীতি অথবা ব্যক্তিগত ক্ষুদ্রচিন্তার বাইরে রাখতে হবে। গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসকে নিয়ে যে বিতর্কের অবতারণা সরকার করেছে, তা দলীয় রাজনীতি ও হীনম্মন্যতার নগ্ন প্রকাশ ছাড়া আর কিছু নয়। এর ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হবে, সুবিধাবঞ্চিত হবে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা।’আরও নিন্দা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এক বিজ্ঞপ্তিতে ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। এ ছাড়া সামাজিক-রাজনৈতিক যুবধারা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে।