ড. ইউনূসকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতি আদেশের চিঠিটি বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের কাছে পাঠায়।এদিকে গ্রামীণ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আইন পরামর্শদাতাদের মতামতের পরিপ্রেক্ষিতে স্বপদে বহাল আছেন ড. ইউনূস।মুহাম্মদ ইউনূস এ বিষয়ে আলোচনার জন্য গতকাল সন্ধ্যায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের বাসায় যান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি আইনগত ব্যাপার। আইনিভাবে কীভাবে মোকাবিলা করা যায়, সে সম্পর্কে পরামর্শ করতে আমি এখানে এসেছি।’বাংলাদেশ ব্যাংক গত ২৮ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালন আইনগতভাবে বৈধ নয়। এরপর মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার আরেকটি চিঠি পাঠায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে।চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনির্দিষ্টকালের জন্য মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ’৮৩-এর ১৪(১) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়নি। তাই ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের বহাল থাকা বৈধ নয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হলো।গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে লেখা চিঠির অনুলিপি ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিতে’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং গ্রামীণ ব্যাংকের সচিবের কাছে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দিয়েছে। এ বিষয়টি বিকেলে তাঁকে জানিয়েছি।’তবে গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন এক বিবৃতিতে জানান, স্বপদে বহাল আছেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষয়টি আইনের। গ্রামীণ ব্যাংক একনিষ্ঠভাবে সব আইন পালন করে এসেছে। ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগসংক্রান্ত আইনগুলোও যথাযথভাবে পালন করে আসছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস যথারীতি তাঁর পদে বহাল আছেন।ওই বিবৃতি প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক এ প্রতিবেদককে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পক্ষে কোনো বিবৃতি দেওয়ার ব্যাপারে আমি লিখিত কিংবা মৌখিক নির্দেশ দিইনি।’বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নেতৃত্বের পরিবর্তন আরও পরিশীলিত ও স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত ছিল। নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠানকে মুহাম্মদ ইউনূস গড়ে তুলেছেন। তাঁর প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়ে এই পরিবর্তন হওয়া উচিত ছিল। এটা শুধু কোনো ব্যক্তির বিষয় নয়। দেশে-বিদেশে গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মনোবল এবং ঋণগ্রহীতাদের আস্থার বিষয়টিও জড়িত। গ্রামীণ ব্যাংকের যে ঘূর্ণমান তহবিল আছে, তার দুই-তৃতীয়াংশই সদস্যদের সঞ্চয়। কাজেই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যথেষ্ট সতর্কতা ও সংবেদনশীলতা দেখানো দরকার। তা ছাড়া কেউ চাইবে না, দেশে ক্ষুদ্রঋণ খাতের কোনো আস্থার সংকট তৈরি হোক। কারণ এর সঙ্গে দুই কোটি নারী ঋণগ্রহীতা সদস্যের স্বার্থের বিষয়টি জড়িত। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ: জানা যায়, গ্রামীণ ব্যাংক (সংশোধন) আইন, ১৯৯০-এর মাধ্যমে দি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪ অনুচ্ছেদ প্রতিস্থাপনের মাধ্যমে বিধান করা হয় যে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগবে। এ পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ২৫ আগস্ট কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি দেয়। এরপর গ্রামীণ ব্যাংক ১৯৯০ সালের ২৯ আগস্ট মুহাম্মদ ইউনূসকে যে নিয়োগপত্র দেয়, তাতে শর্ত দেয় যে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূস ব্যাংকের একজন নিয়মিত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। ব্যাংকের নিয়মিত কর্মকর্তার অবসর গ্রহণের বয়স ৬০ বছর।জানা যায়, বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে দেখেছে, গ্রামীণ ব্যাংক ২০০১ সালের ১৯ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদে একটি বিধি প্রণয়ন করে। এই বিধিতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক পদে চাকরির ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না এবং গ্রামীণ ব্যাংকের চাকরিবিধি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ছাড়া বিধিতে ব্যবস্থাপনা পরিচালকের পদটি চুক্তিভিত্তিক করা হয়, যা আগের শর্তের পরিবর্তন। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমোদন নেওয়া হয়নি।বোর্ডসভায় চিঠি নিয়ে আলোচনা: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ইউনূসের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ ব্যাংক গত রোববার পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে একটি চিঠি দেয়। ওই চিঠি তিনি গত সোমবার পর্ষদের ৯২তম সভায় পড়ে শোনান। চিঠিতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হয়। গ্রামীণ ব্যাংকের বোর্ড সেই অনুমোদন নেয়নি। তাই তাঁর নিয়োগটি বৈধ নয়। জানা গেছে, ওই বৈঠকের সময় মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ব্যাংকের বক্তব্য মেনে নেননি। তিনি জানান, বোর্ড তার সব কর্মকাণ্ড আইন অনুযায়ী করেছে এবং বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ত্রুটি আছে। ওই দ্বিমতের পরপরই বৈঠক মুলতবি করে দেওয়া হয়। যদিও গ্রামীণ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ডের সভা স্বাভাবিক নিয়মে মুলতবি করা হয়েছে। তথ্যচিত্র থেকে তদন্ত কমিটি: গত ডিসেম্বরে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে অভিযোগ করা হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস দাতাদের দেওয়া অর্থ এক খাত থেকে অন্য খাতে সরিয়েছিলেন। এ নিয়ে বিতর্ক উঠলে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। নরওয়ে সরকারও বলেছিল, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল এবং অনিয়ম বা দুর্নীতির কোনো বিষয় এখানে জড়িত ছিল না।তবে এমন বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের পুরো কর্মকাণ্ডই পর্যালোচনা করার উদ্যোগ নেয়। এ নিয়ে সরকার-গঠিত একটি কমিটি এখনো পর্যালোচনার কাজ করছে।