ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ইমেরিটাস সদস্য করার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ইমেরিটাস সদস্য হিসেবে রাখার চিন্তা করছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার বিবিসি বেতারকে এ কথা জানিয়ে বলেন, ড. ইউনূসকে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিবিসি বেতারের খবরে বলা হয়, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে জানানো হয়েছে, ড. ইউনূস প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন। অর্থমন্ত্রী জানান, এখন ব্যাংকটির পরিচালনা পর্ষদ বৈঠক করে নতুন এমডি নিয়োগের ব্যাপারে বোর্ড গঠনসহ অন্যান্য বিষয় আলোচনা করবে। মুহাম্মদ ইউনূস তাঁর দায়িত্ব উপব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তর করেছেন। এ ব্যাপারে তিনি একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছেন। অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূসকে পুনরায় চেয়ারম্যান করার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে নতুন বোর্ড গঠন করা হয়েছে। শিগগিরই এ ক্ষেত্রে পরিবর্তন আনার ইচ্ছা সরকারের নেই। অর্থমন্ত্রী আরও বলেন, ‘ড. ইউনূসকে আমরা প্রতিষ্ঠানটিতে ইমেরিটাস মর্যাদা দেব। একটা সমঝোতার সুযোগ এটা। তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। সেখানে একজন সম্মানিত সদস্য হিসেবে আমরা তাঁকে রাখব। সাধারণত, এ ধরনের সদস্যপদ পেতে হলে গ্রামের বাসিন্দা হতে হয়। এ ক্ষেত্রে সেটার ব্যত্যয় হবে। এতদিন তো মামলা ছিল। তাই তাঁর সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি। এখন আলোচনার সুযোগ এসেছে। আমরা তাঁর সঙ্গে কথা বলব। তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু বলার বা উপদেশ দেওয়ার আছে। সরকারের কাছে পেশ করা ড. ইউনূসের প্রতিবেদনেও অনেক সুপারিশ আছে। সেগুলো নিয়েও তাঁর সঙ্গে কথা হবে।’ অর্থমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে গ্রামীণ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি বেতার