নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু লেখা বা বলার ক্ষেত্রে মার্জিত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ১৩ জন বিশিষ্ট নাগরিক।গতকাল বুধবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তাঁর সম্পর্কে লেখা ও বলার আঙ্গিকে আমরা মার্জিত রূপ আশা করছি।’ তাঁরা আরও বলেন, মুহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ধরে দেশে এবং বিদেশে বিশেষভাবে আলোচনায় এসেছেন। দেশে তাঁকে ব্যক্তিগতভাবে বিষোদ্গারও করা হচ্ছে এবং নানা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। এ সত্ত্বেও তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, ‘আমরা নির্মোহভাবে মুহাম্মদ ইউনূসের ব্যাপারে যে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে, তা লক্ষ করে বিব্রত বোধ করছি। আমরা পরিশীলিত আলোচনা চাই, পরিশীলিত সমালোচনা চাই। তা ছাড়া যে মুহূর্তে সরকার পর্যালোচনা করছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষাই বাঞ্ছনীয়।’বিবৃতিদাতারা প্রত্যাশা করেন, ইউনূসের ব্যাপারে সরকারের পর্যালোচনা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং পর্যালোচনার গতি-অগ্রগতি, পদ্ধতি এবং চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশের মানুষ যেন জানতে পারেন। বিবৃতিদাতারা হলেন জাফরুল্লাহ চৌধুরী, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, শিরীন হক, বিনায়ক সেন, রুবী গজনবী, সিমিম মাহমুদ, মুহম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ফেরদৌস আজিম, ইউ এম হাবিবুন্নেসা ও স্থপতি জাহেদুল হাসান। বিজ্ঞপ্তি।