ড. ইউনূসকে সম্মানিত ব্যক্তির স্বীকৃতি দেবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে নিচে নামাতে গিয়ে সরকার নিজেই নিচে নেমে যাচ্ছে, তা বুঝতে পারছে না। তিনি ড. ইউনূসের প্রতি প্রতিহিংসা ও ব্যক্তিহিংসা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দলীয়ভাবে নয়, জাতীয়ভাবে তাঁকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেবে।’আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার নোবেল বিজয়ী ইউনূস ও গ্রামীণ ব্যাংক: নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম একাডেমি নামের একটি সংগঠন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্জন নোবেল জয়। আর এটা এনেছেন ড. ইউনূস। কিন্তু তাঁর প্রতি সরকারের যে হীনম্মন্যতা, তাতে জাতি হিসেবে আমরা বিশ্বে কলঙ্কিত হচ্ছি।’মওদুদ আহমদ বলেন, হাজার চেষ্টা করেও ড. ইউনূসকে খাটো করা যাবে না। এই সরকার কাউকে সম্মান দিতে জানে না—অভিযোগ করে তিনি বলেন, ‘এ কারণে সরকার সাধারণ মানুষের সম্মানও পায় না।’ ড. ইউনূসকে অপমান করলে জাতির অপমান হয়—উল্লেখ করে তিনি বলেন, ‘কেন তাঁর করের হিসাব নেওয়া হচ্ছে? সরকার তাঁকে নিয়ে কী করতে চায়? মানুষ ইউনূসের প্রতি সরকারের এ আচরণ মেনে নেবে না। ব্যালট বাক্সে জনগণ এর জবাব দেবে।’