ড. ইউনূসের আপিলের অনুমতির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূস আপিলের অনুমতি পাননি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত উভয় পক্ষের শুনানি শেষে এই খারিজাদেশ (ডিসমিস) দেন। আদালত থেকে বেরিয়ে ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন বলেন, একটি লিভ টু আপিল খারিজ করা হয়েছে। অপর একটি আবেদন কাল শুনানির জন্য রয়েছে।মুহাম্মদ ইউনূস দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনানির জন্য থাকা লিভ টু আপিলের ফলাফল না দেখে কিছু বলা ঠিক হবে না।তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের আদেশের পর তাঁর ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকা ঠিক হবে না। পদে থাকাটা অবৈধ হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী তৌফিক নেওয়াজ বলেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় তাঁকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠি বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকল। এর আগে সকাল সোয়া নয়টায় শুনানি শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে সোয়া একটার দিকে আদালত এ আদেশ দেন। আদালতে ইউনূসের পক্ষে কামাল হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে আজমালুল হোসেন কিউসি ও তৌফিক নেওয়াজ শুনানি করেন।সকালে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘হাইকোর্ট কোনো ধরনের রুল ইস্যু না করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন। নিয়ম অনুসারে রুল জারি করা হয় এবং উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। এ ক্ষেত্রে আমাদের অপর পক্ষের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হয়নি। ১১ বছর পর একজন জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত চিঠিতে বলা হয় “আপনি (ইউনূস) নন”। চিঠিতে এ ধরনের ভাষা ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। এটা হচ্ছে প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিজের ভায়োলেশন।’হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পাওয়ায় গত রোববার বিকেলে ওই আদেশের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর প্রথমে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয়েছিল।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন।