ড. ইউনূসের কথায় পুরোপুরি সততা নেই: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর মতে, ইউনূস যেসব কথা বলেন, তাঁর মধ্যে পুরোপুরি সততা নেই। গতকাল বৃহস্পতিবার সকালে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এ কথা বলেন। পরিকল্পনা কমিশনে এ সভা হয়। আরেক নোবেল বিজয়ী অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, এ দেশে এত ভালো কাজ হচ্ছে, এটা পৃথিবীর কোথাও প্রাধান্য পায় না। অর্থমন্ত্রীর মতে, এর একমাত্র কারণ হচ্ছেন ইউনূস। কেন একজন ব্যক্তিই এ জন্য দায়ী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হি (ইউনূস) হ্যাজ এ ওয়ান্ডারফুল পাবলিসিটি মেশিনারি। উনি যেসব কথা বলেন, তাঁর মধ্যে পুরোপুরি সততা নেই।’ অর্থমন্ত্রী বলেন, ‘উনি মনে করেন গ্রামীণ ব্যাংক ওনার প্রতিষ্ঠান। এটা কোনোমতেই তিনি ছাড়বে না। এটিই হলো সমস্যা।’ বিনিয়োগ প্রসঙ্গে মুহিত বলেন, ‘দেশে বিনিয়োগ বাড়েনি। সরাসরি বিদেশি বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের অভাবে মরে যাচ্ছি। তবে সেখানে বিরাট পরিবর্তন এসেছে ইকোনমিস্ট-এর প্রতিবেদনে। যদিও গত চার বছর ইকোনমিস্ট-এর উদ্দেশই ছিল এ সরকারকে হেয় করা।৩ নভেম্বর যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, অকার্যকর রাজনীতি সত্ত্বেও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হয়েছে “চমকপ্রদ অগ্রগতি”। ওই প্রতিবেদনে ইউনূসের রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার প্রেক্ষাপটে তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করা হয়। প্রতিবেদনে একে “সোনার ডিম দেওয়া হাঁস হত্যা”র সঙ্গে তুলনা করা হয়।’তবে গতকাল বিকেলে একটি প্রদর্শনী উদ্বোধনের সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমি ৫০ বছর ধরে ইকনোমিস্ট পড়ি। কিন্তু চার বছর ধরে পত্রিকাটি এ সরকারকে হেয় করার চেষ্টা করছে। এর ব্যবস্থাপনা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এরা এখন হলুদ সাংবাদিকতা করে। এটা এখন আমার কাছে সবচেয়ে বাজে পত্রিকা বলে মনে হয়।’