ড. ইউনূসের পদত্যাগের নথিতে স্বাক্ষরকে বাজে কথা বললেন অর্থমন্ত্রী
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ-সংক্রান্ত কোনো নথিতে সই করেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিবিসি গতকাল শুক্রবার বলেছে, অর্থমন্ত্রী এই খবরকে বাজে কথা বলে উল্লেখ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক থেকেও বলা হয়েছিল ড. ইউনূস পদত্যাগ করেননি। উল্লেখ্য, গতকাল একাধিক জাতীয় দৈনিকে ড. ইউনূসের পদত্যাগ বিষয়ে অর্থমন্ত্রীর স্বাক্ষরসহ একটি নথি প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী বিষয়টি অস্বীকার করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকায় নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর অর্থমন্ত্রী ও গ্রামীণ ব্যাংক এ খবর অস্বীকার করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত অর্থমন্ত্রীর স্বাক্ষর করা গোপন একটি সরকারি নথিতে বলা হয় যে ড. ইউনূস তাঁর পদত্যাগপত্র অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে এই খবরকে তিনি বাজে কথা বলে উল্লেখ করেন।