ড. ইউনূসের প্রতিবাদ
১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘এগিয়ে আসতে হবে তরুণদের’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি বলেছি “দেশের রাজনীতির বর্তমান ধারা আগামী ২০ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, আপনারা সাক্ষী, লিখে রাখুন।” এই বক্তব্যের শেষের অংশটি আমার অন্য এক প্রসঙ্গের বক্তব্য থেকে টেনে এনে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি কথাটি বলেছি স্বাস্থ্যসেবা সম্বন্ধে। আমি বলেছি, স্বাস্থ্যসেবার প্রচলিত পদ্ধতি আগামী ১০-২০ বছরে সম্পূর্ণ পাল্টে যাবে। তথ্যপ্রযুক্তির কারণে এটা হবে। আমি বলেছি, এই পরিবর্তনের সূচনা কি আমরা করব, নাকি অন্যরা করার পর আমরা অনুকরণ করব, সেটা স্থির করার দায়িত্ব আমাদের। পরিবর্তন অবশ্যই আসবে। সেটা আমি লিখে দিতে পারি।’প্রতিবাদে বলা হয়, ‘প্রতিবেদনটি পড়ে পাঠকের মনে এমন ধারণার সৃষ্টি হয়েছে যে, আমি রাজনীতিতে যোগ দিচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। দেশের সব মানুষের মতো আমিও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তবে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’