ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে শিগগিরই তদন্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে গ্রামীণ ব্যাংক কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (এমআরএ) আওতায় নিবন্ধিত নয়, তা মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। অন্যদিকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন বলে যে খবর দু-একটি পত্রিকায় ছাপা হয়েছে, তা সঠিক নয় বলে জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। তবে অতিসত্বর সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে। নরওয়ে থেকে একটি প্রতিবেদন আগেই পেয়েছিলাম। গ্রামীণ ব্যাংকও প্রতিবেদন পাঠিয়েছে আজ। এ দুই প্রতিবেদন বিশ্লেষণ করে চলতি মাসের মধ্যেই কিছু জানানো হবে।’সচিবালয়ে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ২০০৯-১০ অর্থবছরের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রীর কাছে আট কোটি টাকা লভ্যাংশের চেক হস্তান্তর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত কমিটিতে কারা থাকবেন, সাংবাদিকদের কাছে তা খুলে বলতে রাজি হননি অর্থমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান দেশে না থাকায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বুধবার একটি সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি।কয়েকটি পত্রিকায় মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আপনারাই বেশি কথাবার্তা বলছেন। সংবাদমাধ্যম শুধু দোষ খুঁজে বেড়ায়। বিষয়টি আমার কাছে আশ্চর্য লেগেছে।’সরকারের দিক থেকেও তো কথাবার্তা কম বলা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের মন্তব্য খুব নির্দিষ্ট ছিল। প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন ঠিক। এ ছাড়া খুব বেশি কিন্তু কেউ কিছু বলেননি।এদিকে গতকাল সংসদে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্ষুদ্রঋণ নিয়ে আলোচনা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, সত্তর দশক থেকে দেশে ক্ষুদ্রঋণ চালু থাকলেও ২০০৬ সালের আগে কোনো আইন ছিল না। ২০০৬ সালে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইন করা হয়। কিন্তু গ্রামীণ ব্যাংক এখনো এই আইনের আওতায় নিবন্ধন নেয়নি।কোন বিবেচনায় অর্থ মন্ত্রণালয় এটা করেছে, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, কী কারণে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ গ্রামীণ ব্যাংককে এ আইনের বাইরে রেখেছে, তা জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, দেশে ক্ষুদ্রঋণ আইন থাকলেও এর কার্যক্রম দুর্বল ও নাজুক। কমিটি মনে করে, ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও নিয়ন্ত্রিত হওয়া দরকার।সভায় যুবকের হঠকারিতার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।সভায় বলা হয়, যুবকের মতো আরও অনেক প্রতিষ্ঠান হঠকারীভাবে বাংলাদেশে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। শেয়ারবাজার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, ‘বর্তমানে আমাদের পুঁজিবাজার কোনো মৌল অবস্থায় নেই। বিরাজমান অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘বাজারে কারসাজির কারণে দরপতন হচ্ছে। সংসদীয় কমিটিও এটি খতিয়ে দেখবে।’গ্রামীণ ব্যাংকের প্রতিবাদ: গতকাল ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাহজাহানের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘গ্রামীণব্যাংক থেকে ইউনূসের পদত্যাগ’ শীর্ষক প্রতিবেদনটি মোটেও সত্য নয়। অধ্যাপক ইউনূস যথারীতি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।