ড. ইউনূসের রিট আবেদন, আদেশ রোববার
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট দায়ের করা হয়েছে। রিটের ওপর আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট। মুহাম্মদ ইউনূসের পক্ষে একটি এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আমেনা বেগমসহ নয় পরিচালক পৃথক দুটি রিট করেছেন।আজ বৃহস্পতিবার সকালে রিট দুটি দায়ের করা হয়। মধ্যাহ্ন বিরতির পর দুইটা ১৫ মিনিট থেকে বিকেল চারটা ৪০ মিনিট পর্যন্ত রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আজ বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিট দুটি দায়েরের অনুমতি নেওয়া হয়। আদালত থেকে বেরিয়ে: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, ‘আমাদের বোর্ডে বারে বারে আবেদন জানিয়েছি যে আমাকে ছেড়ে দিন। বোর্ড আমাকে বারবার বলেছে, আপনি থাকেন। আমি রয়ে গেছি। তা না হলে আমি বহুদিন থেকে চেষ্টা করছি, থাকার কোনো ইচ্ছা আমার ছিল না।’ কামাল হোসেন সাংবাদিকদের জানান, রিটের ওপর শুনানি হয়েছে। আদালত রোববার আদেশ দেবেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি আজীবন বা যত দিন ইচ্ছা থাকতে পারবেন। কোনো ব্যাংকের ব্যাপারে এটা কী হতে পারে! এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, মূলত দুটি রিট আবেদনের বিষয় একই। তাই দুটি রিট আবেদনের ওপর একসঙ্গে আদেশ হবে কি না, সেটা নির্ধারণ করবেন আদালত।মুহাম্মদ ইউনূস আজ সকাল ১০টার দিকে হাইকোর্ট চত্বরে সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনে ড. কামাল হোসেনের কক্ষে আসেন। দুপুর ১২টার দিকে তিনি আদালতে যান। ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ইউনূসের পক্ষে কামাল হোসেন সংক্ষিপ্ত শুনানি করেন। রিট আবেদনে মুহাম্মদ ইউনূসের অব্যাহতির আদেশ কেন অবৈধ নয় এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের আদেশ স্থগিত রাখারও আবেদন করা হয়েছে। রিট আবেদনে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন ছাড়াই মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনূসের নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া হয়নি—বাংলাদেশের ব্যাংকের এমন বক্তব্য সঠিক নয়। ১৯৯০ সালের আগস্ট মাসে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পূর্বানুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মুহাম্মদ ইউনূসকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অনুমোদন বহাল আছে। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের। সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই। তাই তাঁকে অব্যাহতি দিতে হলে তা করবে পরিচালনা পর্ষদ। গ্রামীণ ব্যাংক চাকরি সংক্রান্ত বিধি ১৯৯৩-তে ৬০ বছরের কথা উল্লেখ আছে। ১৯৯৯ সালে পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তে বলা হয় ওই বিধান ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওই সময় সরকারের মনোনীত তিনজন পরিচালক ওই সিদ্ধান্ত অনুমোদন করেন। এ ছাড়া রিট আবেদনে আরও বলা হয়, ১৯৯৯ সালে গ্রামীণ ব্যাংকের হিসাব কার্যক্রমে স্থিতাবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করে। ওই সময় ইউনূসের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য না হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। এর জবাবে ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের একটি বৈঠক হয়। সিদ্ধান্ত হয় আইন অনুযায়ী এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত। এক্ষেত্রে অবৈধতা নেই। এরপর থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত কোন প্রশ্ন তোলা হয়নি। উল্লেখ্য, গতকাল বাংলাদেশ ব্যাংক ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের কাছে একটি চিঠি পাঠায়। বাংলাদেশ ব্যাংক গত ২৮ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালন আইনগতভাবে বৈধ নয়। এরপর মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে আরেকটি চিঠি পাঠায় ।চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনির্দিষ্টকালের জন্য মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ’৮৩-এর ১৪(১) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়নি। তাই ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের বহাল থাকা বৈধ নয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হলো।