ড. কামাল, মইনুল, বি চৌধুরীর সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন এর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেননি ড. কামাল হোসেন। খন্দকার মুশতাককে সমর্থন জানিয়েছিলেন মইনুল হোসেন। আর লাভের লোভে জিয়াউর রহমানের স্বৈরতন্ত্রে বদরুদ্দোজা চৌধুরী যোগ দিয়েছিলেন—এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় এভাবেই ওই তিনজনের সমালোচনা করলেন সভার প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। জেলহত্যা দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি কামাল হোসেন ও মইনুল হোসেন বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে যারা রাজনীতি করছে, তারা সবাই দুর্বৃত্ত, তারা নীতিহীন। গণতন্ত্রকে রক্ষা করতে হলে তাঁদের কাছ থেকে অনুশাসন নিতে হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইউরোপ-লন্ডন সফর করছিলেন। প্রবাসী বাঙালিরা এ হত্যার ব্যাপারে নিন্দা জানিয়ে বিবৃতি দিতে বারবার অনুরোধ করলেও তিনি তা করেননি। ফখরুদ্দীন-মইনুদ্দিনরা যখন গণতন্ত্রের টুঁটি ধরেছিল, তখন তিনি কিছুই বলেননি।’ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আর যাতে কোনো জেলহত্যার মতো কোনো ঘটনা ঘটতে না পারে, সে জন্য প্রস্তুত থাকতে হবে। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মাহবুব উদ্দিন, বীর বিক্রম। তিনি জেলহত্যার ঘটনার সময় কারাগারে ছিলেন এবং স্বচক্ষে দেখা ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার মতিউর রহমান বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। খালেদা যখন আমাকে চাকরিচ্যুত করল, তখন আমি মন খারাপ করিনি। কারণ, আমাকে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে স্যালুট করতে হয়নি। এটাই আমার গর্ব।’অনুষ্ঠানের সভাপতি এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশনের সভাপতি নূরুল ইসলাম, সাংসদ তানভীর শাকিল প্রমুখ বক্তব্য দেন।