ড. কামালসহ ১২ আইনজীবীর বিরুদ্ধে করা মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের কার্যক্রম স্থগিতের আদেশকে কেন্দ্র করে ২০০৬ সালের ৩০ নভেম্বর এই ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, সুব্রত চৌধুরী, তানিয়া আমীরসহ ১২ জন আইনজীবীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওই বছরের ৫ ডিসেম্বর মামলা করেন আইনজীবী ওমর সাদাত। আদালতে আইনজীবীদের পক্ষে মাহমুদুল ইসলাম শুনানি করেন। সরকারের পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। রায় প্রসঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, যেসব ধারায় অভিযোগ করা হয়েছে তার সারবত্তা ছিল না। তদন্ত কার্যক্রমও আইনানুগ হয়নি। ওই ঘটনায় আরও চারটি মামলা হয়। একই ঘটনায় একাধিক মামলা চলে না। এসব বিবেচনায় আদালত মামলাটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। জানা যায়, মুখ্য মহানগর হাকিম আদালতে চার আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি করা হয়। পরে ১২ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৭ সালের ১৬ মার্চ ওই মামলাটি বাতিলের জন্য ১২ আইনজীবী হাইকোর্টে আবেদন করেন। ওই বছরের ৪ এপ্রিল আদালত মামলার কার্যক্রম স্থগিত করে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট মামলা বাতিলের রায় দেন।