ডব্লিউটিও এবং আইএলওর সঙ্গে যুবলীগের বৈঠক
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী যুবলীগের নেতারা বৈঠক করেছেন। ২৭ মে জেনেভায় সংস্থা দুটির সদর দপ্তরে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠকে সংস্থার সেফ দ্য কেবিনেট আরাঞ্জা গঞ্জালেস লায়া বলেন, জনগণের ক্ষমতায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনের আলোকে ডব্লিউটিও তার নীতি ও কার্যক্রম পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে।আইএলওর সঙ্গে যুবলীগের বৈঠকের সময় সংস্থার মহাপরিচালক জুয়ান সোমাভিয়া বলেন, জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজন উপযুক্ত নেতৃত্ব। শেখ হাসিনা তেমনই একজন বিশ্বনেতা।বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি এমনই একজন নেতা, যাঁর সব রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিশ্বের সাতটি দেশে আমরা শেখ হাসিনার শান্তির দর্শনের ওপর সভা, সেমিনার ও সম্মেলন করেছি। এসব অনুষ্ঠানে বিভিন্ন মতামতের ভিত্তিতে আমরা একটি প্রস্তাবনা তৈরি করছি।’উভয় বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। বিজ্ঞপ্তি।