ডলার আয়ে আগ্রহ নেই যমুনা অয়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি প্রায় দেড় বছর ধরে ‘অজ্ঞাত কারণে’ সমুদ্রগামী জাহাজে জ্বালানি সরবরাহ (বাংকারিং) প্রায় বন্ধ রেখেছে। এর ফলে বিপুল অঙ্কের বিদেশি মুদ্রার আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।যমুনা অয়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করে যমুনা আয় করে চার কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৬৩৩ ডলার। অথচ ২০১১ সালে আয় হয় মাত্র আট লাখ ১৪ হাজার ২৭৫ ডলার। চলতি বছরেও সরবরাহের ক্ষেত্রে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে।দেড় বছর ধরে যমুনা বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ কেন করেনি, তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে যমুনা অয়েল ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) দায়ী করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তবে সে সুপারিশ এখনো কার্যকর হয়নি।এদিকে তেল পাচার ঠেকাতে গত ১৮ জুন বিপিসি তেল বিপণন ও সরবরাহ নিয়ে একটি নীতিমালা তৈরি করেছে। বেসরকারিভাবে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন এই নীতিমালাকে ‘অস্বচ্ছ’ বলে আখ্যায়িত করেছে। তারা ‘স্বচ্ছ’ ও ‘কার্যকর’ নীতিমালা তৈরির দাবি করে বলেছে, এই নীতিমালা মেনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে না।আর্থিক ক্ষতি: সমুদ্রগামী জাহাজের ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহূত হয় ফার্নেস তেল। আর জাহাজের জেনারেটরের জন্য ব্যবহূত হয় ডিজেল। চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে ফার্নেস ও ডিজেল সরবরাহের এখতিয়ার কেবল যমুনা অয়েল কোম্পানির। এটি কোম্পানিটির বৈদেশিক মুদ্রা আয়ের বড় ক্ষেত্র। যমুনা অয়েলের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১০ সালে যমুনা ২৬০টি জাহাজে ৬০ হাজার ৭৮১ মেট্রিক টন ফার্নেস তেল ও এক হাজার ৪৫৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে। ২০১১ সালে মাত্র চারটি জাহাজে এক হাজার ১৭৫ মেট্রিক টন ফার্নেস তেল। চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত ছয়টি বিদেশি জাহাজে এক হাজার ৭৭০ মেট্রিক টন ফার্নেস তেল এবং ৪৯ মেট্রিক টন ডিজেল বাংকারিং করেছে। সেই হিসাবে জ্বালানি সরবরাহ করে ২০১০ সালে যমুনা ফার্নেস তেল থেকে চার কোটি ২১ লাখ ২১ হাজার ২৩৩ ডলার এবং ডিজেল থেকে ১৩ লাখ ১০ হাজার ৪০০ ডলার আয় করে। মোট আয় ছিল চার কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৬৩৩ ডলার। সরবরাহ প্রায় বন্ধ করে দেওয়ায় ২০১১ সালে আয় হয় আট লাখ ১৪ হাজার ২৭৫ ডলার। চলতি বছরে গত সোমবার পর্যন্ত ফার্নেস বাংকারিং করে ১৩ লাখ ৭৩ হাজার ৫২০ ডলার এবং ডিজেল থেকে ৪৪ হাজার ১০০ ডলার আয় করে যমুনা অয়েল। তদন্ত: বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ বন্ধের কারণ উদ্ঘাটন করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের একজন উপসচিব তদন্ত করেন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গত ৫ জানুয়ারি এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল আহসান এই আদেশে সই করেন। আদেশে বলা হয়, ‘আইনগত বা চুক্তিপত্রের কারণে যমুনা অয়েল কর্তৃক বাংকার সরবরাহের কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। তা ছাড়া বিপিসি যমুনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বিদেশি জাহাজে বাংকারিং বন্ধের জন্য কোনো নির্দেশনাও দেয়নি। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃক বিদেশি/বিদেশগামী জাহাজে বাংকারিং বন্ধের দায়িত্ব যমুনা অয়েল কোম্পানির কর্তৃপক্ষ/সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বর্তায়।’খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা এখনো মন্ত্রণালয়ের এই আদেশ অনুসারে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে কথা বলার জন্য যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের আগ্রাবাদের কার্যালয় গিয়ে এবং মুঠোফোনে যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গত সোমবার তাঁর দুটি মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিপিসির চেয়ারম্যান ও সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘যমুনা অয়েল জ্বালানি দিচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করার দায়িত্ব কেবল বিপিসির নয়, অন্যদেরও আছে। তবে এটা ঠিক, কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে।’ তিনি দাবি করেন, এখন বিদেশি জাহাজে জ্বালানি তেল সরবরাহ করা নিয়ে কোনো সমস্যা নেই। চাইলেই যমুনা অয়েল কোম্পানি বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করতে সক্ষম।বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে বছরে প্রায় দুই হাজার ৩০০ জাহাজ পণ্য পরিবহন করে। এর মধ্যে গড়ে প্রায় এক হাজার জাহাজ জ্বালানি ভরে নেয় (বাংকারিং) চট্টগ্রাম বন্দর থেকে। ১৯৯৯ সালে সমুদ্রগামী বিদেশি জাহাজে জ্বালানি তেল সরবরাহের একটি নীতিমালা প্রণয়ন করা হয়। তাতে বলা হয়, তিনটি তেল বিপণন কোম্পানির মাধ্যমে দেশি-বিদেশি জাহাজে বৈদেশিক মুদ্রার (ডলার) বিনিময়ে ফার্নেস ও ডিজেল বিক্রি করা যাবে। তেল কোম্পানি ও তাদের মনোনীত কোস্টার/ প্রতিনিধি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান আইনানুগভাবে জ্বালানি সরবরাহ করতে পারবে না। সমুদ্রগামী জাহাজে ফার্নেস তেল সরবরাহের বিষয়ে নতুন নীতিমালার ১৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়, সরকারি/বেসরকারি পর্যায়ে নির্মিত বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র এবং বিদেশি/বিদেশগামী জাহাজে বাংকারিংয়ের জন্য ফার্নেস তেল সরবরাহের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করতে হবে এবং এসওসিএলের (স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড) ক্ষেত্রে সংস্থার পূর্বানুমোদন নিতে হবে। চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য মো. সেলিম নবী এই নীতিমালাকে অস্বচ্ছ দাবি করে বলেন, নীতিমালা তৈরির সময় বিপিসি তাঁদের ডাকেনি। এতে যে কঠিন শর্ত দেওয়া হয়েছে, তা মেনে ফার্নেস তেল নেওয়া যাবে না। তেল বিপণন কোম্পানির কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিলেই কেবল ফার্নেস তেল পাওয়া যাবে। কিংবা বেনামি অস্তিত্বহীন ‘হাওয়া’ প্রতিষ্ঠানের নামে মন্ত্রী বা সাংসদদের লিখিত সুপারিশ আনতে পারলেই ফার্নেস তেল পাওয়া যাবে।