সৌদি নাগরিক খালাফ হত্যা: একজনের জবানবন্দি
ডলার দিতে অস্বীকার করায় খালাফকে গুলি করা হয়
ঢাকার গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি-মূলক জবানবন্দি দিয়েছেন আল-আমিন নামের একজন। জবানবন্দিতে তিনি বলেছেন, ডলার দিতে অস্বীকার করায় খালাফকে গুলি করা হয়।ঢাকার মহানগর হাকিম শাহারিয়ার মাহামুদ আদনান তাঁর খাস কামরায় গতকাল সোমবার আল-আমিনের জবানবন্দি গ্রহণ করেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে আল-আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।খালাফ আল আলী (৪৫) গত ৫ মার্চ গভীর রাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ময়নাতদন্তে তাঁর শরীরে একটি গুলি পাওয়া যায়। একটি রিভলবার উদ্ধারের সূত্র ধরে অন্য মামলায় গ্রেপ্তার করা আল-আমিনসহ চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ হত্যা মামলায় তাঁদের চারজনকেই রিমান্ডে নেওয়া হয়।জবানবন্দিতে আসামি আল-আমিন বলেন, ঘটনার রাত ১১টার দিকে তিনি ও অপর চারজন মদ্যপান করেন। রাত একটার দিকে ছিনতাই করার উদ্দেশে তাঁরা গাড়ি নিয়ে গুলশান এলাকায় যান। কারণ, সেখানে বিদেশি লোকজন বেশি বসবাস করে। তাঁদের কাছে ডলার পাওয়া যাবে বলে ওই এলাকা বেছে নেন। রাত একটার দিকে দেখেন, একজন বিদেশি নাগরিক আসছেন। এ সময় সাইফুল ইসলাম, আকবর আলী, সেলিম ও খোকন গাড়ি থেকে নেমে যান। সাইফুল তাঁর হাতে থাকা রিভলবার ঠেকিয়ে ডলার চাইলে ওই বিদেশি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সাইফুল গুলি করেন। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।আল-আমিন বলেন, ঘটনার সময় তিনি গাড়িতেই বসেছিলেন।ডিবি পুলিশের সূত্র জানায়, খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ জুলাই সাইফুল, আল-আমিন, আকবর আলী ও রফিকুলকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ১ আগস্ট আদালতে হাজির করা হবে। মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক ওবায়দুল হক।দক্ষিণখান থানার উত্তর গাওয়াইর এলাকা থেকে ৪ জুন সাইফুল, আল-আমিন ও আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে জার্মানিতে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী এলাকা থেকে ছাই রঙের নিশান সানি গাড়িটি উদ্ধার করা হয়।ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করেন। সূত্র জানায়, সাক্ষাৎকালে তিনি খালাফ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার করাসহ আইনি প্রক্রিয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।