ডলারের বিনিময়মূল্য বাড়ায় আমদানি ব্যয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টনপ্রতি ৪২৩ ডলার দরে ১৬ হাজার টন চাল কেনার ঋণপত্র খুলেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম। প্রতি ডলারের জন্য তিনি ব্যাংকে পরিশোধ করছেন ৭৩ টাকা ৪০ পয়সা।একই আমদানিকারক তিন মাস আগে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে প্রতি ডলারের জন্য আমদানি বিল পরিশোধ করেছিলেন ৬৯ টাকা ৩৫ পয়সা। ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় কেজিপ্রতি চাল আমদানির ব্যয় বেড়ে গেছে এক টাকা ৭১ পয়সা। জানা গেছে, ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পণ্যের ক্রেতাকে। আমদানিকারক নুরুল আমিন স্বীকার করেন, এই বাড়তি ব্যয় আমদানি ব্যয়ের সঙ্গে যোগ করে পরোক্ষভাবে চালের ক্রেতার কাছ থেকে আদায় করা হয়। মেট্রোপলিটন চেম্বারের পরিচালক প্রথম আলোকে বলেন, ডলারের বিনিময়মূল্য বাড়ায় এক চালানের পণ্য কিনতে তাঁর বাড়তি খরচ হয়েছে দুই কোটি ৭৪ লাখ টাকা। এই বাড়তি ব্যয়ের ভার নিশ্চয় পণ্যের দামের সঙ্গে যুক্ত হবে।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ডলারের বিনিময়মূল্য বাড়ার কারণে শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য আমদানিতে ব্যয় বাড়ছে কেজিপ্রতি এক টাকা ৩০ পয়সা থেকে এক টাকা ৮০ পয়সা পর্যন্ত। বর্তমান আন্তর্জাতিক বাজারদর হিসাব করে দেখা গেছে, ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় প্রতি কেজি চালে প্রায় দেড় টাকা, প্রতি কেজি গমে এক টাকা ৩৪ পয়সা এবং ছোলায় এক টাকা ৮০ পয়সা বেশি খরচ হচ্ছে। বিশ্ববাজারে টনপ্রতি চাল ৪২৫ ডলার, গম ৩৮৫ ডলার এবং ছোলা ৫৫০ ডলার দর ধরে এ হিসাব করা হয়েছে।গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা ডলারের দামের কারণে পণ্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। নাম প্রকাশ না করে একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, চাল ছাড়া বিশ্ববাজারে এখন প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে ভোগ্যপণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ ব্যাংকের আপৎকালীন মজুদ থেকে আগের দামে মার্কিন ডলার সরবরাহ করা উচিত। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, ডিসেম্বর মাসে চাল, গম, চিনি, তেল, ডাল—এই পাঁচটি ভোগ্যপণ্য আমদানি বাবদ ঋণপত্র সম্পন্ন হয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ডলার। ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় একই পণ্য কিনতে এখন খরচ বেশি হবে ৩৩ কোটি থেকে ৪৩ কোটি টাকা। পণ্য আমদানি বাড়লে এই ব্যয়ও বাড়বে। এই ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত পড়বে ভোক্তাদের কাঁধে।