ডলারের সর্বোচ্চ দর ৭৬ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলার ক্রয়-বিক্রয় দরের সর্বোচ্চ সীমা আরোপ করা হয়েছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের দর অব্যাহতভাবে বাড়তে থাকায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এর রাশ টেনে ধরতে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো আমদানি ঋণপত্র বা এলসির বিপরীতে (বিসি সেলিং) গ্রাহকদের কাছ থেকে প্রতি ডলারে জন্য সর্বোচ্চ ৭৬ টাকা নেবে। অন্যদিকে রপ্তানি ও রেমিট্যান্সের বিপরীতে (টিটি ক্লিন) সর্বোচ্চ ৭৫ টাকা প্রদান করবে। আর কোনোভাবেই ডলারের ক্রয় ও বিক্রয় দরের পার্থক্য এক টাকার বেশি হবে না। এ ছাড়া বিদেশে এক্সচেঞ্জ হাউসের কাছ থেকে ব্যাংকগুলোর ডলার ক্রয়ের দর অবশ্যই ৭৬ টাকার কম হবে।আজ সোমবার রাতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদার এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। আমিনুর রহমান আরও জানান, ডলারের এই সর্বোচ্চ দর আপাতত ১৫ দিন চলবে। এর মধ্যে বাফেদার কারিগরি কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দেবে। এর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অবাধ বিনিময়হার ব্যবস্থায় এভাবে ডলারের দর বেঁধে দেওয়া কতটুকু যৌক্তিক জানতে চাইলে তিনি বলেন, সব ব্যাংক মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা কারও ওপর চাপিয়ে দেওয়া হয়নি।আজ আমদানি পর্যায়ে সর্বোচ্চ ৭৬ টাকা ৪৫ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সের বিপরীতে সর্বোচ্চ ৭৫ টাকা ৪৫ পয়সা দরে ডলার লেনদেন হয়েছে। আন্তব্যাংক মুদ্রাবাজারে সর্বোচ্চ ৭৫ টাকা ৫০ পয়সা দর ছিল।