ডা. ইকবাল, শাওনসহ ১৪ জনের নাম প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত মালিবাগ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এবং ভোলার বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনসহ ১৪ জনকে খালাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শামসুন্নাহার বেগম এ আদেশ দেন। তবে আদালত জানিয়েছেন, শীর্ষস্থানীয় সন্ত্রাসী এস এস আরমান, লিয়াকত হোসেন, পিচ্চি হান্নানসহ বাকি ১০ জনের বিরুদ্ধে মামলা চলবে। আজ আদালতের আদেশে এ মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন—ডা. এইচ বি এম ইকবাল, শওকত হোসেন, কবির উদ্দিন আহমেদ, মুন্সি কামরুজ্জামান, মনিরুজ্জামান, এমদাদুল হক বাচ্চু, মোহাম্মদ জসিম, আবদুল আলীম, আবুল বাশার, দুলাল ওরফে লন্ড্রি দুলাল, মো. নুরুন্নবী চৌধুরী শাওন, তারেক শামসুল খান, কামরুল মোর্শেদ খোকা ও আবদুল সালাম।২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি হরতাল চলাকালে ঢাকার মালিবাগে ডা. ইকবালের নেতৃত্বাধীন মিছিল থেকে বিএনপির মিছিলে গুলি চালানো হলে চারজন নিহত হয়। ওই চাঞ্চল্যকর ঘটনায় মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইছহাক মল্লিক বাদী হয়ে মামলা করেন। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই বছরের ১২ জুলাই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ঘটনার অধিকতর তদন্ত করে ডিবি পুলিশ ২০০২ সালের ২৯ ডিসেম্বর আগের ছয়জন এবং নতুন করে ডা. ইকবাল, শাওনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দায়ের করে। এই ২৪ জন আসামিই বর্তমানে জামিনে আছেন। ইকবাল, শাওনসহ ১০ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০৩ সালে বাকি ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।সূত্র জানায়, ওই খুনের মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন করার পর সম্প্রতি ডা. ইকবালসহ ওই ১০ জন আসামি মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করতে আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেন।