ডা. ইকবাল ও শাওনদের নাম প্রত্যাহারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিবাগ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল, ভোলা-৩ আসনের বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২৩ আসামির নাম প্রত্যাহারের আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। মামলার অপর আসামি শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমানের নাম রেখে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়। কাল বৃহস্পতিবার ২৩ আসামির নাম প্রত্যাহার করা হবে কি না, এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন।২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার মালিবাগে হরতাল চলাকালে এইচ বি এম ইকবালের নেতৃত্বাধীন মিছিল থেকে বিএনপির মিছিলে গুলি চালানো হলে চারজন নিহত হন। ওই আলোচিত ঘটনায় মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইছহাক মল্লিক বাদী হয়ে মামলা করেন। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই বছরের ১২ জুলাই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ঘটনার অধিকতর তদন্ত করে ডিবি পুলিশ ২০০২ সালের ২৯ ডিসেম্বর আগের ছয়জন এবং নতুন করে ইকবাল ও নুরুন্নবীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। এই ২৪ আসামিই জামিনে আছেন। ইকবাল ও নুরুন্নবীসহ ১০ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০৩ সালে বাকি ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সূত্র জানায়, ওই খুনের মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের আবেদন করার পর সম্প্রতি ইকবালসহ ওই ১০ আসামি মামলাটির কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করতে আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেন। স্থগিতাদেশ থাকলে আইনগতভাবে কোনো মামলা প্রত্যাহার করা সম্ভব হয় না। আদালত সূত্র জানায়, মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১-এর সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা গত বছরের ১৭ আগস্ট ঢাকার মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবুকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এরপর সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় সন্ত্রাসী আরমান ছাড়া বাকি ২৩ আসামির নাম প্রত্যাহার করতে আদালতে আবেদন করেন। সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করার পর আরমান ছাড়া ডা. ইকবালসহ ২৩ আসামির নাম প্রত্যাহারের আবেদন করি। গতকাল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। আদালত আগামী ২৬ আগস্ট আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।’ নাম প্রত্যাহারের আবেদন করা ২৩ আসামি: ইকবাল ছাড়া অন্য যাঁদের নাম প্রত্যাহারের আবেদন করা হয়েছে তাঁরা হলেন ভোলার সাংসদ ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী, তারেক শামছুল খান ওরফে হিমু, শওকত হোসেন ওরফে নান্নু, কবির হোসেন, গোলাম মোস্তফা ওরফে পাপ্পু, কামরুল মোরশেদ, জি এম জিয়াউল হক, জসীম উদ্দিন, মুন্সী কামরুজ্জামান ওরফে কাজল, বাবুল ওরফে কালা বাবুল, আবদুস সালাম, মনিরুজ্জামান লিটন, আবুল বাশার, কিরণ, দুলাল ওরফে লন্ড্রি দুলাল, ইমদাদুল হক ওরফে বাচ্চু, মনির হোসেন, ছোট হান্নান ওরফে পিচ্চি হান্নান, লিয়াকত হোসেন, খোরশেদ আলম, কামরুল হাসান হান্নান ও আবদুল হালিম। অভিযোগপত্রে যা ছিল: মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি আবদুল হালিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে এইচ বি এম ইকবালসহ অন্য আসামিদের নাম প্রকাশ করেন। অভিযোগপত্রে বলা হয়, ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি চারদলীয় ঐক্যজোটের ডাকা হরতালের সমর্থনে সাবেক মেয়র মির্জা আব্বাসের নেতৃত্বে হরতালের সপক্ষে একটি মিছিল মালিবাগ মোড়ে পৌঁছায়। একই সময় সাবেক সাংসদ ইকবালের নেতৃত্বে হরতালবিরোধী একটি মিছিল সেখানে পৌঁছায়। এইচ বি এম ইকবাল, নুরুন্নবী, মনিরুজ্জামান লিটনসহ অন্য আসামিরা তাঁদের নিজ নিজ হাতে থাকা রিভলবার ও পিস্তল দিয়ে বিএনপির মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। এ ঘটনায় আবদুর রশিদ মোল্লা, জসীম, নাজমা বেগম ও অপর একজনসহ চারজন মারা যান।