ডা. মিলনের হত্যাকারীরা সবক দিলে কষ্ট হয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে আত্মদানকারী চিকিত্সক শামসুল আলম খান মিলনের হত্যাকারী দেশের মানুষকে রাজনৈতিক সবক দিলে তাতে অনেক কষ্ট হয়। আজ রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করতে গিয়ে মিলন শাহাদাতবরণ করেন। মিলনের এই আত্মাহুতি ওই সময় অগ্নস্ফুিলিঙ্গ সৃষ্টি করেছিল, যা পরবর্তী সময়ে এরশাদ সরকারের পতন ডেকে এনেছিল। তিনি বলেন, ‘মিলনের হত্যাকারী যখন বাংলাদেশের মানুষকে রাজনৈতিক সবক দেয়, তখন আমাদের খুব কষ্ট হয়।’মোশাররফ বলেন, গণতন্ত্রের নামে দেশে এখন স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র চলছে। দেশের মানুষের কথা বলার অধিকার নেই। বিরোধী দল আন্দোলন করতে গেলে সরকার বাকশালি কায়দায় তা প্রতিহত করছে। দেশের গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্যে তারা বিরোধী দলের ওপর হামলা, মামলা, নির্যাতন ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর ফলে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল এ নির্বাচনে যাবে না। প্রহসনমূলক ওই নির্বাচন কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।মোশাররফ সরকারকে হুঁশিয়ার করে বলেন, এর আগে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। জনগণ তাদের ২১ বছর ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখেছিল। আবারও জোর করে ক্ষমতায় থাকতে চাইলে এবার আওয়ামী লীগকে ৪২ বছর ক্ষমতা থেকে দূরে রাখবে জনগণ।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএমএ পেশাজীবীদের একটি সংগঠন। এই সংগঠনের নির্বাচন নিয়েও সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা অতীতে কখনো হয়নি। আর তাই ঐক্যবদ্ধভাবে সরকারি দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি মিলনের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ড্যাবের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, গাজী আবদুল হক, মোস্তাক রহিম, চাষী নজরুল ইসলাম প্রমুখ।