ডাউকি নদীতে সেতু নির্মাণ কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর ওপর সেতু নির্মাণ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে সেতু নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক ও গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ২ জানুয়ারির মধ্যে দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে নির্দেশনাসহ এই রুল জারি করেন।জনস্বার্থে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই রিট করে। আদালতে শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অংশ নেন আইনজীবী ইকবাল কবির, আর রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার। পরিবেশ, ভূমি, শিল্পসচিব, সিলেটের জেলা প্রশাসক, গোয়াইনঘাটের নির্বাহী কর্মকর্তাসহ ১১ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, ব্যক্তিগত ব্যবসায়িক মহল জাফলংয়ের ডাউকি নদীর চইলা খাল মৌজায় ওই সেতুটি নির্মাণের করছে বলে স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ও পরিবেশগত প্রভাব নিরূপণ না করে সেতু নির্মাণ করার বৈধতা চ্যালেঞ্জ করে বেলা রিট আবেদনটি করে।