ডাউকি ভরাট করে বানানো রাস্তা ও সেতু সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী ভরাট করে বানানো রাস্তা ও সংযোগ সেতু ১৫ দিনের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশসচিব, ভূমিসচিব, মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।আজ বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে ওই এলাকাকে ৩০ দিনের মধ্যে পরিবেশগত সংকটাপন্ন ঘোষণা করে গেজেট জারি করতে বিবাদীদের বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে গৃহীত কার্যক্রম পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতেও বলা হয়েছে। গত বছর সিলেটের স্থানীয় একটি দৈনিকে ‘এবার সেতু দিয়ে ডাউকির সর্বনাশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই সময় সেতুর নির্মাণকাজ স্থগিত চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট করে। ওই বছরের ১৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট মহলকে সেতুটি সরাতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে স্থানীয় পাথর ব্যবসায়ী সমিতি হাইকোর্টে একটি রিট করে। আজ দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। পৃথক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত বেলার রুল মঞ্জুর করেন। অন্য রুলটি খারিজ করে দেন। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ইকবাল কবির। অন্য রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন সরকার।