ডাক প্রশিক্ষণ কেন্দ্রের ভুতুড়ে অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দক্ষতা অর্জনের জন্য দেশের মাত্র দুটি প্রশিক্ষণ কেন্দ্রের একটি রাজশাহীতে। ছয় বছর ধরে ডাক বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ রয়েছে। ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মচারীদের জন্য তৈরি রাজশাহী পোস্টাল ট্রেনিং সেন্টারটি পরিণত হয়েছে এক ভুতুড়ে বাড়িতে। কেন্দ্রের হোস্টেলটি এখন কিছু কর্মচারী ও বহিরাগতের দখলে। অধ্যক্ষসহ আটজন কর্মকর্তা ও কর্মচারী এখানে চাকরি করলেও তাঁদের তেমন কোনো কাজ নেই। ডাক বিভাগ সূত্র জানায়, ডাক বিভাগের কর্মচারীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৯৫৭ সালে নগরের সরকারি মাদ্রাসার দক্ষিণে পদ্মা নদীর ধারে ডাক প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হয়। আগের পুরোনো ভবন থেকে ২০০৫ সালে এর কার্যক্রম পাশে নির্মিত নতুন ভবনে স্থানান্তর করা হয়। এই ভবনের নিচতলায় একাডেমিক কার্যক্রম চলে। আর দ্বিতীয় তলায় প্রশিক্ষণার্থীদের হোস্টেল। এখানে পোস্টম্যান, সহকারী পরিদর্শক, পোস্টাল অপারেটরসহ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কর্মচারীরা এই ট্রেনিং সেন্টারে আসেন। অপরদিকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জন্য কুমিল্লায় একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রাজশাহী কেন্দ্রে প্রতিটি ব্যাচে ৩৩ জন করে কর্মচারীর প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রথম দিকে এই প্রশিক্ষণ কেন্দ্রটি বেশ জমজমাট ছিল। পরিবেশও ছিল চমৎকার। সংশ্লিষ্ট সূত্রমতে, আগে ডাক বিভাগের নিজস্ব ক্ষমতাবলে ‘প্রার্থী’ নিয়োগের মাধ্যমে মাস্টাররোলে কর্মচারী নেওয়া হতো। কিন্তু ২০০৪ সালে এক রিটের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ- প্রক্রিয়া স্থগিত করেন আদালত। ডাক বিভাগের রাজস্ব খাতে দীর্ঘদিন ধরে কর্মচারী নিয়োগ না হওয়ায় জনবলসংকট দেখা দেয়। ফলে কমে যায় এখানে প্রশিক্ষণার্থীর সংখ্যাও। সূত্রমতে, নিয়ম অনুযায়ী ২০০৪ সালের জুন থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত দুই হাজার ২৪৪ জন কর্মচারীর প্রশিক্ষণ নেওয়ার কথা। কিন্তু এই সময়ের মধ্যে প্রশিক্ষণ নিয়েছেন মাত্র ২৭০ জন। বর্তমানে একটি ব্যাচের প্রশিক্ষণ চলছে এখানে। এতে ৩৩ জন কর্মচারী অংশ নেওয়ার কথা থাকলেও প্রশিক্ষণ নিচ্ছেন মাত্র তিনজন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রশিক্ষণার্থী জানান, এখানে শিক্ষার কোনো পরিবেশ নেই। চারপাশে শুধু জঙ্গল। লাইব্রেরিতে নামকাওয়াস্তে আছে কিছু মান্ধাতা আমলের বইপত্র। মশা-মাছির উপদ্রব আর নোংরা পরিবেশে মাত্র দুই দিনেই তিনি হাঁপিয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন। এখানে কর্মরত আছেন অধ্যক্ষ, একজন প্রশিক্ষক, একজন অফিস সহকারী ও পাঁচজন পিয়ন। প্রশিক্ষকের দুটি পদের খালি আছে একটি। মালির পদ নেই। অনেক কক্ষই ফাঁকা পড়ে আছে। দীর্ঘদিন ধরে তালা না খোলায় মরিচা পড়েছে। ভবনটির দ্বিতীয় তলা দখল করে আছেন কর্মচারী ও বহিরাগতরা। জানা গেছে, প্রশিক্ষণার্থীর অভাবে খালি পড়ে থাকায় তাঁরা ব্যবহার করছেন। রাজশাহী কলেজের অনার্সের ছাত্ররাও কোনো কোনো কক্ষে মেস বানিয়ে থাকছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ও রাজশাহী কলেজের একজন ছাত্র সেই মেসে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ডাক বিভাগের বড় কর্মকর্তাদের আত্মীয়তার সূত্র ধরেই তিনি এখানে আছেন। একইভাবে একটি কক্ষে থাকছেন অফিস সহকারী আবু তালেব হাজারি। অনুমতি ছাড়াই সরকারি ভবনে থাকা ও বিদ্যুৎ ব্যবহার করছেন তাঁরা। আবু তালেব হাজারি দাবি করেছেন, বড় কর্মকর্তাদের জানিয়েই এখানে থাকছেন তিনি। রাজশাহী জিপিওতে কর্মরত ও পোস্টাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষের দায়িত্বে থাকা শাহেদ উজ জামান সরকার প্রশিক্ষণ কেন্দ্রের ভুতুড়ে অবস্থা এবং বহিরাগতদের দখলের কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ না থাকায় পোস্ট অফিসগুলোতে সংকট চলছে। যাঁরা আছেন তাঁদের প্রশিক্ষণের জন্য চাহিদা দেওয়া হলেও লোকবল না থাকায় তাঁদের প্রশিক্ষণও হচ্ছে না। তিনি বলেন, ‘লোক নিয়োগ নিয়ে মন্ত্রণালয় পর্যায়েও কাজ চলছে। আশা করা যায়, এক বছরের মধ্যে এ সমস্যা মিটে যাবে।’