ডাক বিভাগের গাড়ি থেকে অর্থ চুরি ও উদ্ধার, চালকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ডাক বিভাগের গাড়ির সিন্দুক থেকে বিশেষ কৌশলে চুরি করা আড়াই লাখ টাকা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাড়িচালক ও ডাক প্রহরীকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—ডাক বিভাগের গাড়িচালক মাসুদ কামাল। তিনি খুলনা শহরের দক্ষিণ টুথপাড়া এলাকার জহির শেখের ছেলে। অপরজন ডাক প্রহরী হাফিজুর রহমান। তিনি বরিশালের গৌরনদী উপজেলার চাঁদনি গ্রামের সাহেব আলীর ছেলে।টাকা আনা-নেওয়ার দায়িত্বে থাকা সাতক্ষীরা ডাক বিভাগের সহকারী পরিদর্শক আবদুর রশীদ সরদার জানান, ডাক বিভাগের গাড়ির ভেতর বিশেষভাবে তৈরি সিন্দুকে করে টাকা এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে আনা-নেওয়া করা হয়। গতকাল বেলা তিনটার দিকে শ্যামনগর উপজেলার ডাকঘর থেকে ডাক বিভাগের গাড়িটি ৫০০ টাকার নয়টি বান্ডিলে সাড়ে চার লাখ টাকা নিয়ে সাতক্ষীরার প্রধান ডাকঘরে যাচ্ছিল। পথে বিকেল চারটার দিকে দেবহাটা উপজেলার গুরুগ্রামে এসে গাড়িচালক জানান, ব্রেক নষ্ট হয়ে গেছে। মেরামত করতে ঘণ্টাখানেক সময় লাগবে। এ সময় তিনি পাশের একটি মসজিদে নামাজ পড়তে যান। সন্ধ্যা সাতটার দিকে গাড়ি মেরামত হয়েছে বলে জানান এবং তাঁরা রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা প্রধান ডাকঘরে এসে পৌঁছান।আবদুর রশীদ সরদার আরও জানান, গাড়ির সিন্দুক থেকে টাকার ব্যাগ নিয়ে প্রধান ডাকঘরের ক্যাশিয়ারকে বুঝিয়ে দিতে গিয়ে দেখেন, ৫০০ টাকার নয়টি বান্ডিলের জায়গায় আছে চারটি বান্ডিল। বিষয়টি পোস্টার মাস্টার গোলাম মোস্তফাকে জানানো হলে তিনি সাতক্ষীরা সদর থানায় খবর দেয়।সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি দল গাড়িচালক ও ডাক প্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গাড়িচালক দুই লাখ টাকা বের করে দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের টাউন বালিকা বিদ্যালয়ের পাশে একটি পুকুরের পাড় থেকে পুলিশ আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে।গাড়িচালক পুলিশের কাছে স্বীকার করেন, নকল চাবি তৈরি করে তিনি সিন্দুক থেকে টাকা চুরি করে লুকিয়ে রেখেছিলেন।সাতক্ষীরার পোস্ট মাস্টার গোলাম মোস্তফা ঘটনা নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান জানান, আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িচালক ও ডাক প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে।