ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সেবার মান উন্নত করায় ডাক বিভাগের লোকসানের পরিমাণ ৪৮ কোটি টাকা কমেছে। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর অনুপস্থিতির কারণে তাঁর পক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হয়।সুলতানা বুলবুলের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডাক অধিদপ্তর একটি অলাভজনক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিষয়টি বিবেচনা করে সেবার মান উন্নত করে লোকসানের হার কমিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ বছরের ট্রেন্ড থেকে দেখা যায়, লোকসান ১৪২ কোটি থেকে ৯৪ কোটি টাকায় নেমে এসেছে। আগামী দুই বছরের মধ্যেই এটি লাভজনক হবে।নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ বছর ধরে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) একটি অলাভজনক সরকারি প্রতিষ্ঠান ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি লাভজনক হচ্ছে। এ প্রতিষ্ঠান গত অর্থবছরে (২০০৯-১০) ১৪ লাখ টাকা মুনাফা করেছে।