ডাকওয়ার্থ-লুইস সাহেবরাও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিকণার শীতল পরশ শরীরে বুলিয়ে নিতে অনেকেরই ভালো লাগে, বৃষ্টিকে নিয়ে মানুষের আবেগ-অনুভূতির শেষ নেই। কিন্তু ক্রিকেট মাঠে বৃষ্টিকে একেবারেই পছন্দ করে না দক্ষিণ আফ্রিকা! নিরাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলোই যে তাদের যন্ত্রণায় পুড়িয়েছে বহুবার।১৯৯২ বিশ্বকাপ। যোগ্য দলের তকমা নিয়েই সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে পৌঁছাতে ইংল্যান্ডের বিপক্ষে কেপলার ওয়েসেলসের দলের প্রয়োজন ছিল ১৩ বলে ২২ রান। তখনই সিডনির আকাশ থেকে নামল এক পশলা বৃষ্টি। অনাহূত বৃষ্টি শেষে খেলা যখন আবার শুরু হলো তখন স্কোরকার্ডে ভেসে ওঠে হাস্যকর সেই সমীকরণ, ‘এক বলে ২২ রান দরকার।’ বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেল সেখানেই। বৃষ্টি আইনের এই অবিচার দূর করতে আইসিসি পরে বের করে নতুন পদ্ধতি। ১৯৯৬-৯৭ সালে ইংল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজে প্রথম ব্যবহার করা হয় ইংলিশ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস উদ্ভাবিত নিয়ম, এখন যা ডাকওয়ার্থ-লুইস বা সংক্ষেপে ডি-এল পদ্ধতি হিসেবে ক্রিকেট-দুনিয়ায় পরিচিত।বিশ্বকাপ প্রথম ডি-এল পদ্ধতির প্রয়োগ দেখে ২০০৩ দক্ষিণ আফ্রিকায়। আর এটা স্বাগতিক দলের বুকেই হানল শেল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার বিপক্ষে শন পোলকের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৯ রান। ২২৯ রান করে দক্ষিণ আফ্রিকা ভাবল, লক্ষ্যে যেহেতু তারা পৌঁছে গেছে জিতেছে তারাই। কিন্তু বড় দেরিতে বুঝতে পারল ওই রানে ম্যাচ টাই হয়েছে। দ্বিতীয় রাউন্ডে যেতে জয়ই ছিল প্রয়োজন। শেষ পর্যন্ত বৃষ্টি, ভুল হিসাব আর ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ করে প্রথম রাউন্ড থেকেই স্বাগতিক দলের অশ্রুসজল বিদায়।পরের যাত্রায় অবশ্য দক্ষিণ আফ্রিকা দুর্ভাগা নয়, এর জন্য বৃষ্টিও দায়ী ছিল না। দুই বছর আগে গায়ানায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দলের কোচ জন ডাইসনের ভুল হিসাব-নিকাশের শিকার হলো ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতার কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দলের বিজয় নিশ্চিত হয়েছে ভেবে ব্যাটসম্যানদের মাঠ থেকে তুলে আনেন ডাইসন। পরে ড্রেসিংরুমে হিসাব কষে দেখা যায়, জয়ের জন্য দরকার ছিল আরও ২ রান।দেখলেন তো, ব্যাট-বলের লড়াইয়ে তারকা-মহাতারকারা বাজিমাত করলেও ওয়ানডে ক্রিকেটের মঞ্চে আলো কেড়ে নিতে মোটেও পিছিয়ে নেই বৃষ্টি! ক্রিকেট ইতিহাসের অনেক ম্যাচের ফল নির্ধারকের মহান ভূমিকায় আসীন প্রকৃতি।এবারের বিশ্বকাপে এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ হয়ে গেল। বৃষ্টি দেবতাকে ধন্যবাদ যে তিনি এখনো কোনো বাগড়া দেননি। নইলে যে কী হতে কী হয়ে যেত! ১৪টি দলের কোচ-অধিনায়কও নিশ্চয়ই চাইবেন না, বৃষ্টি তাঁদের আটকে দিক। কাল দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের কোচ-খেলোয়াড়েরা হয়তো প্রার্থনা করছেন ডাকওয়ার্থ ও লুইস সাহেবের ‘কবলে’ যেন না পড়তে হয়। এএফপি।