ডাকঘরের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম
‘সরকারি চাকরি করি। অথচ অফিসে ঢুকেই পড়তে হয় চরম আতঙ্কে। কোথায় বসব, তার জন্য আগে দেখতে হয় অফিস ভবনের ছাদের দিকে। কারণ জরাজীর্ণ অফিস ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে খসে পড়ছে। যেকোনো সময় পড়তে পারে গায়ে। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে শুধু তাঁদের গায়েই নয়, গ্রাহকের গায়েও পড়ে। যখন যেখানে একটু নিরাপদ মনে হয়, সেখানে তাঁদের গাদাগাদি করে বসে কাজ করতে হচ্ছে। এতে সুষ্ঠুভাবে কাজ করাও যাচ্ছে না। সব সময় আতঙ্কে থাকতে হয়।’ পটুয়াখালী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মনোয়ারা বেগম এভাবেই অফিস ভবনের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরেন।পোস্ট অফিস সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে শহরের লঞ্চঘাট এলাকায় ২৫ শতাংশ জমির ওপর পটুয়াখালীর প্রধান ডাকঘর প্রতিষ্ঠিত হয়। ভবন নির্মাণের পর মাত্র একবার ২০০০ সালে নামমাত্র এর সংস্কার করা হয়। তারপর দীর্ঘ ১০ বছরে আর কোনো সংস্কার হয়নি। এখানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৫৭ জন। ৩ আগস্ট ডাক বিভাগের প্রকৌশলী প্রধান ডাকঘরের জরাজীর্ণ এই ভবন পরিদর্শন করে এটিকে চরম ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং এখান থেকে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যেকোনো সময় ছাদ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি জানিয়েছেন। ১৭ আগস্ট সকালে সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে ভবনটি জীর্ণ হয়ে এর ছাদ, ভিম ও দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। লোহার রড বেরিয়ে গেছে। বৈদ্যুতিক তারগুলোও বিপজ্জনক অবস্থায় ঝুলে আছে। পলেস্তারা খসে পড়ার কারণে ভবনের একটি বিশাল অংশ এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কর্মচারীরা খসেপড়া পলেস্তারা ভবনের ভেতরেই কয়েক জায়গায় স্তূপ করে রেখেছেন। ডাকঘরের লম্বা ডেক্সটি এখন পরিত্যক্ত। বাকি অংশে ঠাসাঠাসি করে কোনো রকমে চালানো হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এ প্রসঙ্গে পোস্টাল অপারেটর মতিউর রহমান বলেন, ‘এখানে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ পোস্টাল অপারেটর নাজমুল হক বলেন, ‘বর্ষা মৌসুমে আমাদের দুর্দশা আরও চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি ভবনের ভেতরে পড়তে থাকে। পানি জমে যায় ভেতরের ফ্লোরে। অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস ভিজে যায়। এ অবস্থায় আমাদের কার্যক্রম চালাতে হচ্ছে।’প্রধান ডাকঘরের সহকারী পরিদর্শক (অর্থ) মো. বাচ্চু হাওলাদার বলেন, ‘জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এ কারণেই ডাক বিভাগের প্রকৌশলী শাখা থেকে ৩ আগস্ট প্রকৌশলী রজব আলী এ ডাকঘর পরিদর্শন করেছেন। তিনি ভবনের এই অবস্থা দেখে তাঁদের অন্যত্র ঘর ভাড়া নিয়ে সেখানে অফিসের কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন এবং ছাদ ভেঙে কেউ মারা গেলে কর্তৃপক্ষ দায়ী হবে না বলে জানিয়েছেন।’ এ ব্যাপারে প্রধান ডাকঘরের পোস্টমাস্টার (ভারপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন বলেন, ‘ভবনটি এত জীর্ণ যে এখানে কার্যক্রম চালানো চরম ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে ডাকঘরটি একটি ভাড়া বাড়িতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আমরাও ডাকঘরের জন্য ভাড়া বাড়ি খুঁজছি। তবে নিরাপত্তাসহ উপযুক্ত বাড়ি না পাওয়ায় এখান থেকে অফিস সরানো যাচ্ছে না।’