ডাকঘরের বদলে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর এবং ঢাকা জেলার বাকি উপজেলার বাসিন্দাদের মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন, মালিকানা বদল, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং রুট পারমিট ইস্যু ও নবায়নের ফি জমা দিতে ডাকঘরে যেতে হতো। ১৫ নভেম্বর থেকে এসব ফি জমা দিতে আর ডাকঘরে যেতে হচ্ছে না তাদের। সেদিন থেকে যেতে হচ্ছে ব্যাংকে। এ বিষয়ে বিআরটিএর জরুরি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফি জমা নেওয়ার ব্যাংক হচ্ছে মিরপুরের বিআরটিএর অফিসে থাকা ব্র্যাক ব্যাংকের বুথ; সাউথইস্ট ব্যাংকের ধানমন্ডি, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, শ্যামলী, কারওয়ান বাজার, নিউ এলিফ্যান্ট রোড, কাকরাইল, মৌচাক, গুলশান, উত্তরা, বনানী, মতিঝিলের প্রধান শাখা এবং করপোরেট যেকোনো শাখা। ১ ডিসেম্বর থেকে অবশ্য দেশের অন্যান্য জেলা ও মহানগর এলাকার সাউথইস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেওয়া যাবে। আবার ওই দিন থেকে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বিআরটিএর অফিসের ব্র্যাক ব্যাংকের বুথ চালু করা হবে, যেগুলোয় কর ও ফি জমা দেওয়া যাবে। ব্যাংকের শাখা ও বুথের মাধ্যমে মোটরযান-সংক্রান্ত কর ও ফি জমা দেওয়ার জন্য প্রথমবার গ্রাহককে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে কর ও ফি-এর অবস্থা জেনে তবেই টাকা জমা দিতে হবে। টাকা জমা দিতে গ্রাহকদের কোনো জমা বই বা ফয়েল পূরণ করতে হবে না। কেবল গাড়ি বা লাইসেন্সের মূল ডকুমেন্টস দেখালেই চলবে। টাকা জমা দেওয়ার পর বিআরটিএর যেকোনো অফিস থেকেই যাচাই করা যাবে, তা জমা হয়েছে কি না।