ডাকটিকিটে ঢাকার চার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্লাত হোসেননগর ভবনের ঠিক উল্টো দিকে থাকা ওসমানী উদ্যানের প্রধান ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়ে বিবি মরিয়ম কামান। আশির দশকের শেষের দিক থেকেই ওসমানী উদ্যানে আছে কামানটি। এটি নির্মিত হয়েছিল মোগল আমলে। সপ্তদশ শতকের মাঝের দিকে মোগল সুবাদার মীর জুমলা এটি আসাম অভিযানের সময় ব্যবহার করেন। পরে এটি নিয়ে এসেছিলেন ঢাকায়। তখন কামানটি ছিল বড় কাটরার সামনে সোয়ারীঘাটে। পরে এর অর্ধেকাংশ বালুতে তলিয়ে যায়। ১৮৪০ সালে তখনকার ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহায়তায় এটি উঠিয়ে এনে চকবাজার এলাকায় বসান। ১৯১৭ সালে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে বিবি মরিয়ম কামানকে সদরঘাটে রাখা হয়। ১৯৫৭ সালে ঢাকা উন্নয়ন ট্রাস্টের (ডিআইটি) সভাপতি জি এ মাদানী পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের সহায়তায় কামানটিকে ডিআইটি এভিনিউ (রাজউক এভিনিউ) ও জিন্নাহ এভিনিউয়ের (বঙ্গবন্ধু এভিনিউ) সংযোগস্থলে নিয়ে আসেন। সেখান থেকেই ওসমানী উদ্যানে আনা হয় কামানটি। শিল্পী কে জি মুস্তাফা পাকিস্তান আমলে দেখেছেন বিবি মরিয়ম কামান। সেই স্মৃতি উঠে এসেছে তাঁর নকশা করা ডাকটিকিটে, যাতে কামানের পেছনে কিছুটা দূরে দেখা যাচ্ছে ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন)। পাকিস্তান আমলের ঢাকা নগরকে তুলে ধরা ওই ডাকটিকিটে। কামানের পাশাপাশি রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। কেননা, স্টেশনটি তৈরি হয়েছে পাকিস্তান আমলেই।ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত চারটি ডাকটিকিটের একটি এই মরিয়মের কামান, আর কমলাপুর স্টেশনের চিত্রসমৃদ্ধ ডাকটিকিট। পাকিস্তান আমল ছাড়াও কে জি মুস্তাফার নকশায় করা আরও তিনটি ডাকটিকিটে যথাক্রমে মোগল আমল, ব্রিটিশ আমল ও এ সময়ের ঢাকা উঠে এসেছে।ডাকটিকিটে মোগল আমলের ঢাকার প্রতিনিধিত্ব করেছে বড় কাটরা। তবে এই বড় কাটরার সঙ্গে এখনকার বড় কাটরাকে মেলানো যায় না। কে জি মুস্তাফার ভাষায়, ‘এখন তো বড় কাটরার ধ্বংসাবশেষও শেষের পথে আছে। ব্রিটিশ আমলে চার্লস ডয়লি বড় কাটরার স্কেচ করেছিলেন। সেটি অনুসরণ করেই করেছি আমার ডাকটিকিটে। ব্রিটিশ আমলে সংস্কৃতিমনা ইংরেজরা বুড়িগঙ্গা তীরের ঢাকা নগরকে ভেনিস নগরের সঙ্গে তুলনা করত। ব্রিটিশ আমলেই নাম না-জানা এক শিল্পী বুড়িগঙ্গা তীরে থাকা ভবনের স্কেচ করেছিলেন পেনসিলে। সেটি অনুসরণ করেই তুলে ধরেছি ব্রিটিশ আমলের ঢাকা নগরকে।’ ২০০৮ সালের ঢাকার প্রতিনিধিত্ব করা ডাকটিকিটে উঠে এসেছে নগর ভবন, তার আশপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য অট্টালিকা।কে জি মুস্তাফার করা ঢাকাবিষয়ক ডাকটিকিটের মূল পরিকল্পক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে নানা কার্যক্রমের মাধ্যমে এশিয়াটিক সোসাইটি রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখছে। এর মধ্যে রয়েছে বই প্রকাশ, ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ, প্রদর্শনী প্রভৃতি। এসবের সঙ্গেই সম্প্রতি যুক্ত হয়েছে ডাকটিকিট প্রকাশের বিষয়টি। এ প্রসঙ্গে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সেন্টার ফর ঢাকা স্টাডিজের পরিচালক শরীফ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তির বিষয়টিকে স্মরণীয় করে রাখতেই ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। এটি বাংলাদেশ ডাক বিভাগ ও আমাদের একটি যৌথ প্রয়াস।’নূর হোসেন চত্বরের পাশেই জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে গিয়ে যে কেউ সংগ্রহ করতে পারছে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে গত ১৫ জুন প্রকাশিত এই ডাকটিকিট চারটি। প্রতিটি ডাকটিকিটের মূল্যমান ১০ টাকা। এ ছাড়া সেখানে পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উদ্যাপনের একটি উদ্বোধনী খাম, যার মূল্য ছয় টাকা।