ডাকবাংলো ছেড়েছেন আওয়ামী লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের পর অষ্টগ্রামের সরকারি ডাকবাংলো ছেড়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ। রিটার্নিং কর্মকর্তার মৌখিক অনুরোধে গতকাল শুক্রবার সকালে তিনি ও তাঁর লোকজন ডাকবাংলো ছেড়ে দেন।এ ছাড়া নির্বাচনী প্রচারণায় বারবার রেজওয়ানের বাবা রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, তিনি রেজওয়ান আহম্মদকে অনুরোধের পর তাঁরা ডাকবাংলো ছেড়ে দেন।রেজওয়ান আহম্মদ ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানসহ কয়েকজন নেতা-কর্মী গত মঙ্গলবার থেকে ডাকবাংলোয় অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন রেজওয়ানের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম।রেজওয়ান আহম্মদের প্রচারণায় ব্যবহূত মাইকিং ও সভা-মিছিলে তাঁর বাবা রাষ্ট্রপতি আবদুল হামিদকে বারবার টেনে আনার অভিযোগ তুলেছেন মহিতুল ইসলাম। এ ব্যাপারে তিনি গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।মহিতুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন সম্মানিত ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’তবে রেজওয়ানের পক্ষের নেতা অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক হায়দারী প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রচারণায় আমরা রাষ্ট্রপতির নাম ব্যবহার করিনি। সৈয়দ মহিতুল একের পর এক অভিযোগ এনে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন।’সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। তিনি সাতবার ওই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৩ জুলাই।