ডাকবাংলোয় সরকারি কর্মকর্তাদের স্থায়ী বসতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদের ডাকবাংলো জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাস হিসেবে ব্যবহূত হওয়ার কথা। কিন্তু কিশোরগঞ্জের ভৈরবের ভিআইপি ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের স্থায়ী আবাস হিসেবে ব্যবহূত হচ্ছে। এতে জরুরি প্রয়োজনে ভৈরবে গিয়ে আবাসনসংকটে পড়ছেন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার গুরুত্ব বিবেচনায় এনে ১৫ বছর আগে ভৈরবে বিলাসবহুল ভিআইপি ডাকবাংলো নির্মাণ করা হয়। দোতলায় তিনটি ও নিচতলায় আছে চারটি কক্ষ। দোতলার কক্ষগুলো শীতাতপনিয়ন্ত্রিত, গালিচা ও দামি আসবাবসমৃদ্ধ।ডাকবাংলোর হিসাব বিবরণী অনুযায়ী, দোতলার ভিআইপি-১ কক্ষটি দুই বছর ধরে ব্যবহার করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ। তিনি ওই কক্ষে বসবাস ও অফিস করেন। ভিআইপি-২ কক্ষটি অলিখিতভাবে বরাদ্দ সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার জন্য। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তানভির মোহাম্মদ আজিম দেড় মাস ধরে কক্ষটি ব্যবহার করছেন। এক বছর ধরে ভিআইপি-৩ কক্ষে আছেন মিল্ক ভিটার ভৈরব উপজেলা ব্যবস্থাপক নাদির হোসেন।নিচতলার চার কক্ষের তিনটিতে এক বছরের বেশি সময় ধরে আছেন আনসার-ভিডিপি ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ও বাংলোর তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। অন্য একটিতে ১০-১২ দিন আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।প্রথম আলোর পর্যবেক্ষণে দেখা গেছে, ছয় বছর ধরে কোনো না কোনো সরকারি কর্মকর্তা পরবর্তী কর্মস্থলে বদলি না হওয়া পর্যন্ত এমনি করে ডাকবাংলোয় স্থায়ীভাবে বাস করছেন।উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ডাকবাংলোয় বসবাসরত সরকারি কর্মকর্তারা কেউ-ই বাসার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেননি।ডাকবাংলো ব্যবহারের বিধিতেও বলা হয়েছে, কোনো কর্মকর্তাকে ভিআইপি কক্ষ দীর্ঘদিন ব্যবহারের জন্য কোনো অবস্থাতেই বরাদ্দ দেওয়া যাবে না। তবে কোনো সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের পরিপ্রেক্ষিতে যদি বাসা না পাওয়া যায়, সেই কর্মকর্তা-কর্মচারী যদি জেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থান করেন, তাহলে মাসিক এক হাজার ৫০০ টাকা হারে ভাড়া পরিশোধ করবেন।‘বিষয়টি ঠিক হচ্ছে না’: ডাকবাংলোয় থাকার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টাকা দিয়ে এবং জেলা পরিষদের অনুমতি নিয়ে থাকছি। তার পরও বলব, বিষয়টি ঠিক হচ্ছে না।’ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘সবাই থাকছে, আমিও থাকছি।’মিল্ক ভিটার ব্যবস্থাপক নাদির হোসেন বলেন, ‘বছরের পর বছর অন্যরা ব্যবহার করছে, তাদের দেখাদেখি আমিও করছি।’ একই মন্তব্য আনসার ভিডিপির ব্যবস্থাপক মো. আলাল উদ্দিনের।সমস্যায় অন্যরা: উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কিছুদিন আগে সরকারি কাজে ভৈরবে এসেছিলেন। জেলা পরিষদের ভিআইপি ডাকবাংলোয় কক্ষ চেয়ে পাননি। শেষে বড় স্যারকে নিজের বাসায় রেখে কোনো রকমে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তবে এ কারণে স্যার বিব্রত হয়েছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলমেরও একই অভিযোগ। একটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য বাংলো ব্যবহারের সুবিধা চেয়ে তাঁকে ব্যর্থ হতে হয়েছে।বাংলোর তত্ত্বাবধায়ক নূরজাহান বেগমের দাবি, ‘সাধারণ মানের নিচের দুটি কক্ষ খালি আছে। যেকোনো পরিস্থিতিতে ওই দুই কক্ষ দিয়ে সামাল দেওয়া হয়।’পুরো বিষয়ে কথা হয় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিসুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ডাকবাংলোতে স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ নেই। কিন্তু ধীরে ধীরে সব কক্ষ দখল হয়ে গেছে। তাদের কক্ষগুলো ছেড়ে দেওয়া উচিত।’