ডাকবাক্স
৩০০ গজ সংযোগ সড়ক বদলে দিতে পারে ঢাকার দিগন্ত রেখাগাবতলী-নীলক্ষেত-আজিমপুর সড়কটি একটু দক্ষিণে শিশু সদন, সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস, গোর-এ শহীদ মাজার পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে গেছে। অথচ ওই স্থান থেকে কিল্লার মোড় পর্যন্ত ৩০০ গজ সড়ক নির্মাণ করলে বদলে যেতে পারে ঢাকার দিগন্ত রেখা। রাস্তাটি তৈরি করা হলে ঢাকার বিনোদন-পিপাসু মানুষ বুড়িগঙ্গা তীরে বৈকালিক ভ্রমণে যেতে পারবেন এবং সেখান থেকে কামরাঙ্গীরচর হয়ে ‘খোলামোরা’ পর্যন্ত পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের সাত লক্ষাধিক অধিবাসী যাতায়াতের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। শুধু তাই নয়, ওই এলাকায় উত্পাদিত কৃষিপণ্য ও ক্ষুদ্র শিল্পপণ্য ঢাকার বাজারে কম খরচে আনা যাবে। ফলে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। উল্লেখ্য, এলাকার অধিবাসীরা বর্তমানে অতিরিক্ত অর্থ ব্যয় করে রিকশায় কিংবা হেঁটে প্রথমে কিল্লার মোড় আসেন, পরে সেখান থেকে হেঁটে শিশু সদন, সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস ও গোর-এ শহীদ মাজার পর্যন্ত এসে যানবাহন বদল করে মূল ঢাকায় ঢোকেন। এতে সময় বেশি লাগে, টাকা ব্যয় হয় বেশি, ঝক্কিও পোহাতে হয় অনেক। অতএব, সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসসহ কয়েকটি বাসাবাড়ির আংশিক জমি হুকুমদখল করে ১৫০ গজ সংযোগ সড়ক নির্মাণ এবং কিল্লার মোড়সংলগ্ন বর্তমান ১৫০ গজ সড়ক প্রশস্ত করা হলে যাতায়াতব্যবস্থা উন্নতি হবে। এ জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে অথবা অন্যত্র পুনর্বাসন করা যেতে পারে।এম রেজাউল করিমবাড়ি- ৮/এ,১২ক, সড়ক- ১৪ (নতুন)ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯ফোন ০১৫৫২১০৮৫০৫।[email protected]রমনা পার্ক বাঁচান!রাজধানীর কেন্দ্রস্থলে বিচিত্র ও দুর্লভ গাছ-গাছালিতে ভরা রমনা উদ্যানের বর্তমানের দুর্দশা দেখলে শিউরে উঠতে হয়। ভ্রমণপিপাসুরা তো বটেই, আমরা যারা দুবেলা এখানে হাঁটি, তারা সত্যিই খুব কষ্ট অনুভব করি। পার্কে কোনো নিরাপত্তাকর্মী নেই দীর্ঘদিন। ফলে যার যা খুশি তাই করছে। পুরো পার্ক ময়লা-আবর্জনায় ভরে উঠেছে। গাছের মরা পাতা তো আছেই; পানির বোতল, চিপস, আইসক্রিম, চানাচুর ও সিগারেটের প্যাকেটে ভরে উঠেছে রমনা পার্ক। পুরো পার্ককে একটি আবর্জনার স্তূপ বলে মনে হয়। পরিষ্কার করার কেউ নেই। বখাটেদের উত্পাত চোখে পড়ে। অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান হয়ে উঠেছে রমনা পার্ক। অথচ একটু সচেতন হলে অপূর্ব সাজে সাজানো যায় পার্কটিকে। পার্কের অনেক স্থানে নানা জাতের দেশি-বিদেশি ফুলগাছ লাগিয়ে তা দৃষ্টিনন্দন করা যায়। কিন্তু তেমন কোনো লক্ষণ গত কয়েক বছর দেখা যায়নি। বিভিন্ন ঝড়-তুফানে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়েছিল, সে স্থানে নতুন করে গাছ লাগানোর আর কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। ঘটা করে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলেও, রমনা পার্কে এ ধরনের কোনো কর্মসূচি চোখে পড়েনি। নিরাপত্তাকর্মী না থাকায় অনেকে ফুল ছিঁড়ে, গাছ উঠিয়ে ব্যাগে ভরে অনায়াসে চলে যাচ্ছে। সারা পার্কে বেশ কয়েকটি ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টিম গড়ে উঠেছে। ফলে সবুজ ঘাসসহ অসংখ্য গাছ মরে যাচ্ছে। এসব দেখার যেন কেউ নেই। এভাবেই কি ঐতিহ্যবাহী রমনা পার্ক শেষ হয়ে যাবে? জাহাঙ্গীর ফরিদসিদ্ধেশ্বরী রোড, ঢাকা-১২১৭