ডাকবাক্স
‘মোটরসাইকেল চালাতে মজা!’‘ঢাকায় থাকি’তে প্রকাশিত ‘মোটরসাইকেল চালাতে মজা!’ শীর্ষক প্রতিবেদনটি মোটরসাইকেল আরোহীদের নিয়ম ভাঙা নিয়ে লেখা হয়েছে। আমি পেশায় একজন প্রকৌশলী। আমার ব্যক্তিগত একটি মোটরসাইকেল রয়েছে। প্রায় সাত বছর ধরে আমি মোটরসাইকেল চালাচ্ছি। জোর দিয়ে বলতে পারি, আমি মোটরসাইকেল চালানোর সময় কোনো আইন ভঙ্গ করিনি। নিয়মিত হেলমেটও পরি।আমি যখন মোটরসাইকেল চালানো শুরু করি, ঢাকায় তখন হাতে গোনা মোটরসাইকেল আরোহী ছিল। কিন্তু এখন সেই সংখ্যা বাড়ছে খুব দ্রুত। খুব গভীরভাবে যদি দেখা যায়, তবে ঢাকায় এমন অনেক মোটরসাইকেল আরোহী আছে যাদের বয়স ১৮-এর কম। আবার তারাই মূলত হেলমেট ছাড়াই বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে এবং আইন ভঙ্গ করছে। এরাই যখন পথে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশের কবলে পড়ছে তখন এমপি-সচিব-মন্ত্রীদের পুত্র-স্বজন বলে রেহাই পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ১৮ বছরের নিচে ওদের কেন লাইসেন্স দেওয়া হচ্ছে?বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান রাস্তায় বের করা আইনত দণ্ডনীয়। কিন্তু আমাদের দেশের প্রশাসন ধীরগতির। মোটরযানের নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ ১৫ দিনের মধ্যে লাইসেন্স ও অনুষঙ্গিক কাগজপত্র দিতে অপারগ। তাহলে প্রশ্ন জাগে, আপনার বাসায় একটি ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল থাকার পরও আপনি কি বাস বা সিএনজি আটোরিকশায় ভ্রমণের হয়রানি সহ্য করবেন?কিছুদিন আগে উত্তরা থেকে ফেরার সময় বনানীতে একটি ঘটনা ঘটে। বনানী ক্যান্টনমেন্ট আর কাকলী মোড়ে একটি ফুটওভারব্রিজ রয়েছে। আমি সেটি মোটরবাইকে অতিক্রম করছিলাম। আমার মোটরসাইকেলের গড় গতি ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার/ঘণ্টা। একজন কেতাদুরস্ত লোক আমার মোটরসাইকেলের সামনে দৌড়ে এসে পড়েন। কিন্তু তেমন কোনো অঘটন সেদিন ঘটেনি। আমার প্রশ্ন হলো, একটি ফুটওভারব্রিজ থাকার পরও মানুষ সেটি কেন ব্যবহার করে না? এখন পথেঘাটে এমন অনেক মোটরসাইকেল আরোহী আছে যাদের বয়স ১৮-এর কম! তারা কীভাবে লাইসেন্স পাচ্ছে? আবার পথের মধ্যে ফুটওভারব্রিজ থাকতেও মানুষ কেন রাজপথ ব্যবহার করে? মোটরযান নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএর ধীরগতির কারণ কী? সামনের ‘ঢাকায় থাকি’র সংখ্যাগুলোতে এসব প্রশ্নের উত্তরের প্রতীক্ষায় রইলাম।মো. সামস-উল আলম[email protected]‘জোট বাঁধছেন ভাড়াটেরা’গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকায় থাকি পাতায় উপরিউক্ত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পর্কে কিছু প্রতিক্রিয়া জানাতে চাই। ভাড়া নেওয়ার আগে ভাড়াটেরাও দু-চার জায়গায় দরকষাকষি করে দেখেন। পছন্দ হলেই মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তিতে কখন কী অবস্থায় তিনি বাসা ছাড়বেন বা মালিক কখন বাসা ছাড়তে বলবেন, ভাড়া কখন কীভাবে বৃদ্ধি হবে ইত্যাদি লিপিবদ্ধ থাকে। এখানে কেউ কারও দয়ার পাত্র নন। ব্যাপারটি লেনদেনের। প্রতিবেদনে উল্লিখিত ভাড়াটে জোটের উদ্যোক্তা দোকানমালিক আবদুর রহমান ভাইয়ের কাছে জানতে ইচ্ছে করে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তিনি কি তাঁর দোকানে ক্রেতাদের কাছ থেকে পূর্বমূল্যই নিতে থাকেন?কয়েকজনকে দেখেছি, কম ভাড়ার বাসা পেয়ে স্বল্প দিনের নোটিসে কিংবা পূর্বে মালিককে না বলেও বাসা ছেড়ে চলে গেছেন। পরের মাস বাসা খালি রয়ে গেছে। তখন থেকেই অগ্রিম ভাড়া নেওয়ার পদ্ধতি চালু হয়। তিন-চার বছর চলে যাওয়ার পরও ভাড়া বৃদ্ধিতে রাজি হচ্ছেন না। সামাজিক সমস্যা দৃষ্টিগোচর হওয়ার পর নোটিস দিয়েও ফ্ল্যাট খালি করানো যাচ্ছে না—এসব দৃষ্টান্ত বিরল নয়। ১৯৯১ সালের আইন মোতাবেক ভাড়া নেওয়ার কথা বলেছেন তিনি। ২০১০ সালে এসে ৯১-এর আইন কার্যকর করার কথা হাস্যকর। জমির দাম বেড়েছে ১০ থেকে ১২ গুণ। ১০ হাজার টাকার রড ৭০ হাজার টাকা পর্যন্ত ওঠানামা করে ৪৬ হাজার টাকায় এসে থেমেছে। অন্য নির্মাণসামগ্রীও তাই। বাড়িঘর, ফ্ল্যাট পুরোনো হয়, দরজা-জানালা, স্যানিটারি ফিটিংস, রং, টাইলস চিরস্থায়ী নয়। মেরামত ও বদলাতে হয়। মধ্যম শ্রেণীভুক্ত স্থান মিরপুরেও আড়াই কাঠার ওপর একটি ছয়তলা বাড়ি করতে এক কোটির বেশি টাকা প্রয়োজন। জমির মূল্য কাঠাপ্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকা। এক হাজার বর্গফুটের ফ্ল্যাট ৩৮ থেকে ৪০ লাখ টাকা। ব্যাংক লোন, চার-পাঁচ জায়গায় ট্যাক্স দিতেই ভাড়ার টাকা শেষ হয়ে যায়। ধার-দেনা করে চলতে হয় মালিকদের।প্রতিবেদনটি পড়ে আমার বন্ধু বলে উঠলেন, নিজের থাকার মতো একটি ফ্ল্যাট করে বাকি টাকা ব্যাংকে রাখলে ভাড়ার দুই-তিন গুণ পাওয়া যাবে। অনেকেই অবসর নেওয়ার পর সারা জীবনের সঞ্চয় দিয়ে বৃদ্ধ বয়সে বাড়ি করেন। নিজে থাকেন, কিছু অংশ ভাড়া দিয়ে সংসার চালান। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে যদি বেতন বৃদ্ধি পায়, তাহলে বাড়িভাড়াও বাড়বে—এটাই তো স্বাভাবিক। তা না হলে যাঁরা বাড়িভাড়া দিয়ে সংসার চালান তাঁদের কী হবে? প্রতিবেদনে বাড়িওয়ালাদের জবাবদিহির কথা বলেছেন, সম্পাদিত চুক্তি দুই পক্ষ মেনে চললেই জবাবদিহি নিশ্চিত হয়।মুক্তবাজার অর্থনীতিতে অন্যান্য পণ্যের মতো বাড়িভাড়াও আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। লগ্নিকৃত পুঁজির মুনাফা না হয়ে লোকসান হলে মানুষ বাড়ি নির্মাণে উত্সাহ হারাবে। তবে প্রচুর বাড়ি নির্মাণে কলকারখানা শহরের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। মালিকদের ভাড়া বাড়ানোর ব্যাপারটা সুবিবেচনাপ্রসূত হওয়া বাঞ্ছনীয়। লিখিত চুক্তি থাকা উচিত। পানি রেশনিং করা ঠিক নয়। বাড়িতে আসা-যাওয়ায় ভাড়াটেদের সময় বেঁধে দেওয়া উচিত নয়। বাড়িওয়ালা-ভাড়াটে নয়, সম্পর্ক হবে বন্ধুত্বের ও সুপ্রতিবেশীসুলভ।মোহাম্মদ মোস্তফা কামালপ্রকৌশলী, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।