ডাকবাক্স
পানি-বিদ্যুৎ-গ্যাসের অপচয়!পানি, বিদ্যুৎ ও গ্যাসসংকটে নাকাল ঢাকাবাসী। এ অবস্থায় আবার অনেকেই এসবের অপচয় করছে। বিনা কারণেই বৈদ্যুতিক বাতি ও পাখা চলতেই থাকে। রান্নার পর গ্যাসের চুলা আমরা বন্ধ করি না। অথচ আমরা এটা মনে রাখি না, আমাদের গ্রামে গ্রামে এখনো গ্যাসসেবা দেওয়া যায়নি। আবার গ্যাস-সংকটে শহরের রান্নাঘর, শিল্পকারখানা অচল হয়ে পড়ছে। এদিকে পানির সংকটে শহরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এর মধ্যে আবার অনেকে দাঁত ব্রাশ করা কিংবা কাপড় ধোয়ার সময় অনেক পানি অপচয় করে। এ ছাড়া অনেকে বাতি, পাখা, গ্যাসের চুলা, পানির কল বন্ধ করতে অলসতা করে। তারা এগুলো বন্ধ করতে কাজের লোকের ওপর নির্ভর করে। এই প্রবণতা বন্ধ করতে হবে। এ জন্য নাগরিকদের সচেতন হতে হবে।মৌশীনবম শ্রেণী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজউত্তরা, ঢাকা।ঐতিহ্যের নামে ধূমপান কি ঠিক?বাংলা নববর্ষ উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি খালি জায়গায় একটি কোমল পানীয় কোম্পানি মেলার আয়োজন করে। সেখানে বাংলাদেশের গ্রামের হারিয়ে যাওয়া নানা উপকরণ প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল হুক্কা। সেই হুক্কা বিনা পয়সায় পান করানোর ব্যবস্থা করে মেলা কর্তৃপক্ষ। এই সুযোগে মেলায় আসা অনেক কিশোর-তরুণ হুক্কা টেনে ধোঁয়া উড়াল। এখন কথা হচ্ছে, হুক্কাও তো ধূমপানের একটি সামগ্রী। এভাবে মেলার মধ্যে ধূমপান আইন লঙ্ঘন করে হুক্কা টানা কতটা যৌক্তিক? আবার ঐতিহ্যের নাম করে কিশোর-তরুণদের ধূমপানে আকৃষ্ট করানোর কাজটি কি ঠিক হয়েছে? এরপর মেলা আয়োজনের আগে আয়োজকেরা এ বিষয়টি ভেবে দেখলে কৃতার্থ হব।শামীমা জাফরিনলেখক ও শিক্ষকতোপখানা রোড, সেগুনবাগিচা।