ডাকবাক্স
প্রতিক্রিয়া: ছাড় শুধু ঢাকা কলেজের জন্য!গত ১৯ জুন ‘ঢাকায় থাকি’ পাতায় আজহার হোসেনের ‘ছাড় শুধু ঢাকা কলেজের জন্য!’ লেখাটি পড়ে আমি এই লেখা লিখতে অনুপ্রাণিত হলাম। গত ১৫ জুন মিরপুর (আনসার ক্যাম্প) থেকে ফার্মগেটে যাওয়ার জন্য নিউভিশন কোম্পানির বাসে উঠলাম। আমি একা নই, সঙ্গে আরও চারজন বন্ধু ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য এখন সপ্তাহে চার দিনই এই পথে যাতায়াত করতে হয়। কন্ডাক্টর যখন ভাড়া চাইলেন, তখন আমরা ছাত্রভাড়া দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। নাছোড়বান্দা কন্ডাক্টর পুরো ভাড়াই নেবেন। তর্কাতর্কির একপর্যায়ে তিনি জানতে চান, আমরা কোন কলেজের ছাত্র। তখন আমরা আমাদের কলেজের নাম (ঢাকা কমার্স কলেজ) বললে তিনি জানান, ‘আমরা শুধু দুটি কলেজ ছাড়া (ইচ্ছা করেই নাম উল্লেখ করলাম না) অন্য কোনো কলেজের ছাত্রদের কাছ থেকে ছাত্রভাড়া নিই না।’এখন আমার প্রশ্ন হলো, ওই দুটি কলেজের ছাত্রদের কাছ থেকে ছাত্রভাড়া না রাখলে তারা মারদাঙ্গা আচরণ করে, আর আমরা করি না—এ জন্যই কি এই বৈষম্য? এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।মো. রাসেল হোসেনঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা।পরিবেশদূষণঢাকার আমিনবাজারের দিকে সড়কের পাশে গরু, ছাগল জবাই করে আর এগুলোর মলমূত্র সেখানেই ফেলে রাখার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়, যা মানুষের জন্য অসহনীয়। অথচ এই রাস্তার পাশে একটি বিশাল বাজার, বড় মসজিদ, একটি স্কুল ও একটি কলেজ ও আবাসিক এলাকা রয়েছে। আর এই পথ ধরে যাওয়ার সময় সবাইকে নাকে-মুখে কাপড় দিয়ে যেতে হয়। অনেকে এই রাস্তাটুকু দৌড়ে পার হয়। এই পথে অনেক ছাত্রছাত্রীকে যাওয়া-আসা করার সময় নাকে-মুখে কাপড় দিতে হয়। কিন্তু এই দৃশ্য অনেকে দেখেও চুপ করে রয়েছে, যা বলার ও দেখার কেউ নেই। তাই এই স্থানে পশু জবাই করা বাদ না দিলে এখানকার চলাচলকারী পথিকের অনেকের অসুখে ও জীবাণুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, দ্রুত এই স্থানে পশু জবাই করা বন্ধ করে দিয়ে এলাকার জনগণের দুর্দশা লাঘব করা হোক।আবু সাঈদ ইসলামআমিনবাজার, ঢাকা।