ডাকসচিব ও বিটিআরসি চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল
বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি র্যাংকসটেল চালু-সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করায় ডাক ও টেলিযোগাযোগসচিব এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে আদালত তা জানানোর নির্দেশ দিয়েছেন।আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ র্যাংকস টেলিকমের পক্ষে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। র্যাংকস টেলিকমের পক্ষে আইনজীবী শাখাওয়াত হোসেন বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করায় ডাক ও টেলিযোগাযোগসচিব এবং বিটিআরসির চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।জানা যায়,র্যাংকসটেলের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে হাইকোর্টের আদেশে প্রশাসক দিয়ে ফোন কোম্পানিটি চালুর নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়ন না করায় ১২ জুলাই র্যাংকস টেলিকমের পক্ষে আদালত অবমাননার মামলা করা হয়।গত ১১ মে হাইকোর্ট র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হবে, না বহাল থাকবে—এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দেন। আদালত লাইসেন্স বাতিল করা হলে র্যাংকসটেলের কার্যক্রম পরিচালনার জন্য ফোন কোম্পানিটিতে একজন প্রশাসক নিয়োগ দিতে বিটিআরসিকে নির্দেশ দেন। বিটিআরসিতে গ্রাহকদের তালিকা জমা দিতে ওই প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ করে দেওয়া হয় ১৯ মার্চ। পাশাপাশি লাইসেন্স বাতিল করার বিষয়ে ২৩ মার্চ নোটিশ দেয় বিটিআরসি কর্তৃপক্ষ। আর কার্যক্রমের বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে ফোন কোম্পানিটির পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হলে ২১ মার্চ আদালত রুল জারি করেন। এতে র্যাংকসটেলের যোগাযোগ বিচ্ছিন্ন ও সুইচরুম বন্ধের কার্যক্রম কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া হয়।