ডাকসু নির্বাচন চায় ৯৯ শতাংশ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯ শতাংশ শিক্ষার্থী ডাকসুসহ সব হল সংসদের নির্বাচন চায়। আর প্রায় ২২ বছর ধরে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ার জন্য ৫৭ শতাংশ শিক্ষার্থী দায়ী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দলীয় লেজুড়বৃত্তিকারী ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলগুলোকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এককভাবে দায়ী করেছেন ১৩ শতাংশ শিক্ষার্থী। ছাত্রসংসদ সচলের দাবিতে ডাকসু চত্বরে আয়োজিত এক সভায় এ জরিপের ফল প্রকাশ করা হয়। এ ছাড়া একই দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ডাকসুর দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ এ ফল প্রকাশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।আজ বৃহস্পতিবার গবেষণা জরিপের ফল পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী ছাত্রসংসদ সচল করার ব্যাপারে রায় দিয়েছে। শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করতে ছাত্রসংসদকেই প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থীরা।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে দলীয় লেজুড়বৃত্তিকারী ছাত্রসংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থের জন্য সহায়ক কি না, জানতে চাইলে ৯০ শতাংশ শিক্ষার্থী সহায়ক নয় বলে রায় দিয়েছে। শুধু ৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী লেজুড়বৃত্তিকারী ছাত্রসংগঠনগুলোর পক্ষে মত দিয়েছে। এ প্রশ্নের উত্তর দেয়নি ২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী।গত ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে চলে গবেষণা-জরিপের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রতি হাজারে ১০ জন শিক্ষার্থীকে এ জরিপের নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী অধিকার মঞ্চের সংগঠকেরা। নমুনা নির্বাচন করা হয়েছে অনুষদ/ইনস্টিটিউট-ভিত্তিক। এভাবে ৩০০ শিক্ষার্থীকে গবেষণা জরিপের অন্তর্ভুক্ত করা হয়।জরিপের ফল প্রকাশের পর ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।উল্লেখ্য, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উচ্চ আদালতের আশ্রয় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী। গত মার্চ মাসের ৩ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উকিল নোটিশও দিয়েছিলেন শিক্ষার্থীরা। সাত দিন সময় দিয়েও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো রকম বক্তব্য না পাওয়ায় শিক্ষার্থীরা গত মাসের ২২ তারিখে রিট আবেদন করেন।