ডাকসু নির্বাচনে মূল বাধা দুই ছাত্র সংগঠন ও প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সবকটি ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী—সবাই ‘চায়’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হোক। কিন্তু গত দুই দশকে এ নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। একাধিকবার উদ্যোগ নিয়েও ভেস্তে গেছে। ছাত্র সংগঠনগুলো বলছে, এ নির্বাচনে সবচেয়ে বড় বাধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার ঘাটতি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ জন্য দায়ী করছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাবকে। ডাকসুসংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে বড় অন্তরায় হিসেবে কাজ করছে ছাত্র সংগঠনগুলো—বিশেষত ছাত্রলীগ, ছাত্রদল। এ ছাড়া ক্যাম্পাস ও ছাত্রাবাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করতে না পারায় ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটাও ডাকসু নির্বাচনের না হওয়ার অন্যতম কারণ। ডাকসুর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। জানা যায়, বিএনপির শাসনামলে ১৯৯৪ সালে তত্কালীন উপাচার্য এমাজউদ্দিন আহমদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ‘পরিবেশ নেই’ অভিযোগ এনে সে সময়ের আওয়ামী লীগের অনুসারী ছাত্র সংগঠন ছাত্রলীগের বাধার মুখে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়।এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালের অক্টোবরে উপাচার্যের দায়িত্ব নিয়ে এ কে আজাদ চৌধুরী একাধিকবার সংবাদ মাধ্যমকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট সময়সীমার কথা জানান। কিন্তু তখন বিএনপির অনুসারী ছাত্র সংগঠন ছাত্রদল ‘পরিবেশ সৃষ্টি’র দাবির কারণে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোট সরকারের আমলের উপাচার্য এস এম এ ফায়েজ গত ৬ বছরে প্রত্যেক সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেননি। এবারও নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আ আ ম স আরেফিন সিদ্দিক ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন। এ নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কিছু আলাপ-আলোচনাও হয়। কিন্তু কার্যকর কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যখন যে রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তাদের অনুসারী ছাত্র সংগঠনের দখলে থাকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এ সময় বিরোধী দলের অনুসারী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা হলে, এমনকি বেশির ভাগ সময় ক্যাম্পাসেও আসতে পারেন না। গণতন্ত্রের চর্চা না থাকায় ক্ষমতাসীনরা প্রতিপক্ষ ছাত্র সংগঠনকে সহ্য করতে পারে না।এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সব ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সরকারদলীয় ছাত্র সংগঠনকেই বেশি সুবিধা দিয়ে থাকে প্রশাসন। নিয়মকানুনের তোয়াক্কা না করে হলগুলোতে ছাত্র তোলা, কোন সিটে কে থাকবে, কে কে হলে থাকতে পারবে না—এসব কিছু নিয়ন্ত্রণ করে সরকারদলীয় ছাত্র সংগঠন। এ ক্ষেত্রে প্রশাসনের দুর্বল ভূমিকার কারণে সহ-অবস্থান নিশ্চিত করা যায় না।সর্বশেষ জাতীয় নির্বাচনের রাতে দেখা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীরা হল ছেড়ে গেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ। চারদলীয় জোট সরকারের আমলে ছিল উল্টো চিত্র। তাই যারা যখন ক্যাম্পাসের বাইরে থাকে, তারা তখন ডাকসু নির্বাচনের বিরোধিতা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান প্রশাসন প্রথমে ডাকসু নির্বাচনের কথা বললেও আপাতত সে চিন্তা থেকে পিছু হটেছে। তার কারণ ছাত্রদল ও ছাত্রলীগের দলীয় কোন্দল। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মতে, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা প্রধান দুটি ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের গণতন্ত্র চর্চার ঘাটতি এবং অভ্যন্তরীণ কোন্দল। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ডাকসু নির্বাচন না হওয়ায় সবার মধ্যে এক ধরনের মানসিক প্রতিবন্ধিতা কাজ করে। এখন নির্বাচন দিয়ে কোনোভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হলে তা কেউ মেনে নিতে চাইবে না। এ নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো এবং অভ্যন্তরীণ কোন্দল কমিয়ে আনা দরকার। প্রশাসন খুব দ্রুত এ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চায় বলে তিনি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা প্রশাসনের আন্তরিকতার ঘাটতি। এখন নির্বাচনের বাধা সম্পর্কে তিনি বলেন, ‘প্রশাসন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। সেখানে তারা কোনো অংশীদার চায় না। এ ছাড়া সরকার সারা দেশে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা জানে নির্বাচন হলে তাদের অনুসারীরা হারবে।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ মনে করেন, ডাকসু নির্বাচন না হওয়ার দায় ছাত্র সংগঠন এবং প্রশাসন দুদিকেরই আছে। তিনি বলেন, কোনো ছাত্র সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের যদি ছাত্রত্ব না থাকে, তাহলে তাঁরা ডাকসু নির্বাচন হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁদের পরের সারির নেতারাই নির্বাচন করবেন। আর পরের সারির কেউ যদি ডাকসু নেতা হয়ে যান, তাহলে ছাত্র সংগঠনের ওই নেতাদের প্রভাব কমে যাবে। মূলত এ কারণে কোনো কোনো ছাত্র সংগঠন চায় না ডাকসু নির্বাচন হোক।