ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ এ কর্মসূচি পালন করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বামপন্থী সংগঠনগুলো।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটার দিকে ধর্মঘট ডাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ও কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর তাঁরা কলা ভবনের প্রধান ফটকে অবস্থান নেন। এখানে তাঁরা বিভিন্ন স্লোগান দেওয়াসহ সমাবেশ করছেন। একই সঙ্গে তাঁরা গান করছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, আন্দোলনকারীরা যেসব ভবনে তালা লাগিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার স্বার্থে সেসব তালা ভেঙেছে। কর্তৃপক্ষ মনে করে, গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন হতে পারে। তবে তা কারও স্বার্থে আঘাত হেনে নয়। শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়ে শিক্ষার্থীদেরই ক্লাস বন্ধ রাখা সমীচীন নয়।যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূর বাহাদুর বলেন, এ ধর্মঘট প্রচলিত ছাত্র সংগঠনগুলোর ডাকা ধর্মঘটের মতো নয়। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের ধর্মঘট।একই দাবিতে ১২ জুলাই শিক্ষার্থী অধিকার মঞ্চ উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। সেখানে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ জুলাই এই সময়সীমা শেষ হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আদালতে মামলা রয়েছে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।