ডাকসু নির্বাচনের দাবিতে ১৯ জুলাই ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা না করায় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে শিক্ষার্থী অধিকার মঞ্চ। এই দাবিতে ১২ জুলাই শিক্ষার্থী অধিকার মঞ্চ উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। সেখানে আজ ১২টার মধ্যে দাবি না মানলে উপাচার্যের কার্যালয় অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার শিক্ষার্থী অধিকার মঞ্চ থকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তারা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত উপাচার্য কার্যালয়ের ফটকে তালা দিয়ে অবরোধ করে রাখে। সেখানে তারা সমাবেশ করে এই ধর্মঘটের ঘোষণা দেয়।শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূর বাহাদুর বলেন, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্যের কার্যালয় অবেরাধ করা হয়। সেখান থেকে ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।