ডাকসু নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন। কাল বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।এর আগে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষকে সাত দিন সময়সীমা বেঁধে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে ৩১ শিক্ষার্থীর পক্ষে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এই সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ না নিলে রিট করা হবে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ২৫ শিক্ষার্থীর পক্ষে এ রিটটি করা হয়। রিট আবেদনে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রিট আবেদনে শিক্ষাসচিব, উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধক ও প্রক্টরকে বিবাদী করা হয়েছে।